সুশাসনের জন্য নাগরিকের (সুজন) গাজীপুর জেলা শাখার সহসভাপতি মো. কামরুজ্জামান মোল্লার (৬৫) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের পূর্ব ধীরাশ্রম এলাকা সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কামরুজ্জামান মোল্লা গাজীপুর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডের গাজীপুরা এলাকার বাসিন্দা ইদ্রিস আলীর ছেলে। তিনি সুজনের জেলা শাখার সহসভাপতির দায়িত্বের পাশাপাশি ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, গতকাল সকাল ৭টার দিকে কামরুজ্জামান মোল্লা নিজ বাসা থেকে গাজীপুর আদালতে একটি মামলা সংক্রান্ত কাজে যান। নির্ধারিত বিচারক উপস্থিত না থাকায় আদালতের কার্যক্রম হয়নি। পরে তিনি আইনজীবীর চেম্বার থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি। রাত গভীর হলেও তিনি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। রাত আনুমানিক ২টার দিকে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধারের খবর পান।
স্থানীয়রা জানান, গতকাল রাতে ধীরাশ্রম এলাকার একটি সড়কের পাশে স্থানীয়রা হাত-পা বাঁধা মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
জিএমপির সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের ছেলে কৌশিক জামান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।