জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস সহায়ক পদে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার চার ব্যক্তিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদএ আদেশ দেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন টাঙ্গাইলের মো. আব্দুল আলিম, সিরাজগঞ্জের আলী হায়দার, কুড়িগ্রামের রাসেল রানা লিটন এবং গাজীপুরের মাসুদ ফকির।
চাকরির ভাইভা পরীক্ষায় প্রতারণার অভিযোগে আজ রোববার বিকেলে সচিবালয় থেকে তাদের আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এরপর সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা এইচ এম আরিফুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় প্রতারণার অভিযোগ এনে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা, শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল গাফফার (হিমেল) আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর এবং অফিস সহায়করে শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার পর যথাক্রমে ২৭৮৪ জন এবং ২৩৭০৯ জন প্রার্থী আবেদন করেন। আটক চারজন অফিস সহায়ক পদের প্রার্থী ছিলেন।অফিস সহায়ক পদের প্রার্থীদের লিখিত পরীক্ষা হয় গত ১৯ মে। ৯৩১৮ জন প্রার্থী লিখিত পরীক্ষা দেন এবং ১০৭ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হন। পরে ২৪, ২৫ ও ২৮ জুন তাদের ভাইভা হয়।
মন্ত্রণালয় মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের সবার প্রবেশপত্রসহ ছবি তুলে রাখে। ভাইভা শেষে ৬ জুলাই অফিস সহায়ক পদে ২০ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। রোববার ছিল তাদের চাকরিতে যোগ দেওয়ার দিন। সে অনুযায়ী অন্যদের সঙ্গে ওই চারজনও মন্ত্রণালয়ে আসেন। কিন্তু ভাইভার দিন তোলা ছবির সঙ্গে চেহারা না মেলায় কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা স্বীকার করেন, তাদের হয়ে পরীক্ষা দিয়েছিলেন অন্য লোক।