জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবহন ব্যবস্থাকে আধুনিক ও শিক্ষার্থীবান্ধব করতে বিশ্ববিদ্যালয়ের বাসে লাইভ ট্র্যাকিং সিস্টেম ‘আইট্র্যাকার’ চালু করেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
আজ রোববার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন।
‘স্মার্ট পরিবহন, স্মার্ট ক্যাম্পাস’ স্লোগানে চালু হওয়া এ সেবার মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা মোবাইল অ্যাপ ব্যবহার করে বাসের রিয়েল-টাইম অবস্থান জানতে পারবেন।
অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘প্রযুক্তির সঠিক ব্যবহার জীবনকে সহজ, নিরাপদ ও কার্যকর করে। এই ট্র্যাকিং সিস্টেম চালুর ফলে ব্যবহারকারীরা তাৎক্ষণিকভাবে বাসের অবস্থান জানতে পারবেন। এতে সময় সাশ্রয়, পরিকল্পিত যাতায়াত, পরিবহন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।’
জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, ‘পরিবহন খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে জাকসু কাজ করছে। ইলেকট্রিক কার্ট ও অটোরিকশা চালুর উদ্যোগের ধারাবাহিকতায় আইট্র্যাকার চালু করা হয়েছে।’