মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ডিস ব্যবসার নিয়ন্ত্রণ নিতে হামলা ও হত্যার হুমকি, ২ যুবদল নেতা বহিষ্কার

প্রতিবেদকের নাম

রংপুর মহানগরীতে কারাগারে থাকা এক যুবলীগ নেতার ডিস ব্যবসার নিয়ন্ত্রণ নিতে সিগন্যাল অপারেটর ক্যাবেল ওয়ানের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ম্যানেজারকে মারধর এবং জিএমকে সপরিবারে গুলি করে হত্যার হুমকিও দেওয়ার ঘটনায় যুবদলের দুই নেতাকে বহিষ্কার করেছে দলটি।

রোববার (২ মার্চ) সন্ধ্যায় রংপুর নগরীর প্রেসক্লাবের সামনে ক্যাবল ওয়ান অফিসে এ ঘটনা ঘটে। এরপরে রাত ১১টার দিকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরকৃত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বহিষ্কৃত দুইজন হলেন— জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল ইসলাম মনু ও সহসাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব।

অভিযোগে জানা যায়, কারাগারে থাকা মহানগর যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও কাউন্সিলার হারুন অর রশিদের ক্যাবল ব্যবসা দখলের চেষ্টা করেন যুবদলের এই দুই নেতা।

কেবল ওয়ান কর্তৃপক্ষের অভিযোগ,রংপুর নগরীর ২৪ নং ওয়ার্ডের কামালকাছনা এলাকার ক্যাবল ওয়ানের ফিড মালিককে বাদ দিয়ে গালিব নামে এক ব্যক্তিকে দেওয়ার জন্য ওয়ান কর্তৃপক্ষের কাছে চাপ দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় ২৩ ফেব্রুয়ারি কামাল কাছনা এলাকার ডিশের লাইন কেটে দেয় গালিব ও তার বাহিনী। বিষয়টি নিয়ে ২৮ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে উক্তভোগী ফিড মালিক।

কেবল ওয়ান কর্তৃপক্ষের অভিযোগ, এ ঘটনার জেরে গালিব তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ক্যাবল ওয়ান অফিসে হামলা চালায় এবং ল্যাপটপসহ ডিশের প্রয়োজনীয় সরঞ্জাম ভাঙচুর করে। এ সময় কেবল ওয়ানের ম্যানেজার পরাগকে ব্যাপক মারধর করা হয় এবং সোমবারের মধ্যে ফিডের মালিক পরিবর্তন না করলে প্রতিষ্ঠানটির জিএম কাফিকে সপরিবারে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ক্যাবল ওয়ান অফিসটি তালাবদ্ধ করে কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে গেছেন।

রংপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) তোফায়েল আহমেদ জানান, ডিস ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েই এই ঘটনা সংঘটিত হয়েছে। এঘটনায় ক্যাবল ওয়ান ও মায়া ডিজিটাল কর্তৃপক্ষ বাদী হয়ে রাত ৩টার দিকে দুইটি মামলা দায়ের করেছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

এদিকে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বহিষ্কারপত্রে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি নানা অনাচারের কারণে রংপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু ও সহসাধারণ সম্পাদক তামজিদুর রশীদ গালিবকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না। যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা