রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহী বাওয়ানী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে প্রকৃত শিক্ষার মানোন্নয়নে অ্যাডহক ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে ৪০০ বছরের ঐতিহ্যবাহী ডেমরা বাজার ও জামদানি হাট সংলগ্ন ওই শিক্ষা প্রতিষ্ঠানটিতে আনুষ্ঠানিকভাবে এ কমিটির যাত্রা শুরু হয়েছে।
নবগঠিত অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছেন বিভাগীয় কমিশনার কার্যালয়, ঢাকা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-ঢাকা।
কমিটিতে আহ্বায়ক হিসেবে ডাঃ এম রফিকুল ইসলাম ও সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা। শিক্ষক প্রতিনিধি হিসেবে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা সাহার বানু ও অভিভাবক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাহাঙ্গীর আলম।
কমিটির আনুষ্ঠানিক যাত্রার অনুষ্ঠানে আহ্বায়ক ডাঃ এম রফিকুল ইসলাম ও সদস্য সচিব রেবেকা সুলতানা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, রাজধানীর ডেমরা এলাকায় ৬৮ বছর ধরে ঐতিহ্য বহন করে আসছে বাউনি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই পাস করে অনেক ছাত্র আজ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন যা শুরু থেকেই অব্যাহত ছিল। তাই এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত ও আধুনিকভাবে গতিশীল করতে এই অ্যাডহক কমিটি বিশেষ ভূমিকা পালন করবে। এছাড়াও এখানে অন্তর্ভুক্তিমূলক সমতাভিত্তিক শিক্ষা বিস্তারে কাজ করবে এ নতুন কমিটি। এতে এলাকার প্রকৃত মেধাবী দরিদ্র শিক্ষার্থীরাও সমান হারে শিক্ষা লাভের সুযোগ পাবে।