সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নাটোরে ২০০ বরই গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

প্রতিবেদকের নাম

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় রাতের আঁধারে দুই ভাইয়ের পরিশ্রমে গড়া একটি বরই বাগানের প্রায় ২০০ গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার উপজেলার চক নটাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন চক নটাবাড়িয়া গ্রামের তরুণ উদ্যোক্তা কাওসার আহমেদ (৩২) ও তার ছোটভাই শাওন আলম (২৮)।

দুর্বৃত্তরা প্রতিহিংসামূলকভাবে এই কাজ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে, যা বাগানটির মালিক দুই ভাইকে আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে। এ ঘটনায় কাওসারের ছোট ভাই শাওন আলম গতকাল শুক্রবার একই গ্রামের গোলাম মাওলার ছেলে আসাদুল ইসলামের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুইভাই যৌথভাবে বেসরকারি সংস্থার ঋণ ও স্থানীয়ভাবে ধার করে আড়াই বিঘা জমি লিজ নিয়ে প্রায় সাত লাখ টাকা খরচে বরই বাগান গড়ে তোলেন। বাগানে প্রায় ছয়শত বড়ই গাছ রয়েছে। দীর্ঘ সময় ধরে শ্রম ও অর্থ ব্যয় করে বাগানটি পরিচর্যা করে আসছিলেন তারা। গতকাল শুক্রবার সকালে শাওন বাগানে গিয়ে দেখেন গেটের তালা ভেঙে রাতের অন্ধকারে দুর্বৃত্তরা প্রায় দুই শতাধিক গাছ কেটে ফেলেছে।

শাওন জানান, এলাকার কারো সাথে তাদের কোনো শত্রুতা নেই। গত বৃহস্পতিবার তিনি বাগানের সেচপাম্প দিয়ে বাগান সংলগ্ন এক ব্যক্তির অনুরোধে তার দুই বিঘা জমিতে সেচ দেন। এতে পাশের গভীর নলকুপের ম্যানেজার আসাদুল ইসলাম ক্ষিপ্ত হন। পরে তিনি সেখানে গিয়ে শাওনের সাথে তর্কে জড়ান। পরবর্তীতে সেই রাতেই গাছগুলো কেটে ফেলা হয় এবং সেখান থেকে জমিতে পানি দেওয়ার পলিথিনের পাইপ চুরি করা হয়। আসাদুল ইসলামই গাছগুলো কেটেছে বলে তাদের ধারণা।

থানায় অভিযোগ করার পর থেকে পলাতক থাকায় এবং মোবাইল বন্ধ থাকায় এ ব্যাপারে অভিযুক্ত আসাদুল ইসলামের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘গাছ কাটার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা