লক্ষ্মীপুরের রামগঞ্জে নানার বাড়িতে ঘুরতে এসে পুকুরে ডুবে ফাতেহা আক্তার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চাঙ্গীরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফাতেহা (৩) একই উলজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া এলাকার বাসিন্দা আক্তার হোসেনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ফাতেহা তার মা সুমি আক্তারের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে। আজ দুপুরে সবার অগোচরে শিশুটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। তাকে দেখতে না পেয়ে আশপাশে খুঁজলেও তাকে পাওয়া যায়নি।
পরবর্তীতে শিশুটির দেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয় ও পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চণ্ডীপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিশুটি তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে এসেছিল। সবার অগোচরে সে পানিতে ডুবে মারা যায়। ঘটনাটি দুঃখজনক।’
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ‘ঘটনাটি আমাদের জানা নেই। খবর নেওয়া হবে।’