প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পূর্বাচল নতুন শহর প্রকল্পকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাসযোগ্য করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
আজ বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সভাকক্ষে পূর্বাচল নতুন শহর প্রকল্পে নগরায়ণ ত্বরান্বিতকরণ বিষয়ে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এ আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম। এ ছাড়াও প্রকল্প সংশ্লিষ্ট রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের জন্য বরাদ্দপ্রাপ্ত প্লট গ্রহীতা/প্রতিনিধিরা অংশগ্রহণ করে প্রকল্প বাস্তবায়ন, অবকাঠামোগত সুবিধা ও ইউটিলিটি সংযোগসহ বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, পূর্বাচল নতুন শহর প্রকল্পকে দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গভাবে বাসযোগ্য করে গড়ে তুলতে হবে।’
তিনি আরও বলেন, ‘পূর্বাচলকে এমন একটি আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হচ্ছে, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম দীর্ঘমেয়াদে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে।’
তিনি উল্লেখ করেন, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালসমূহ স্থাপিত হলে জনসাধারণের বসবাসে আগ্রহ বৃদ্ধি পাবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দ্রুত সময়ের মধ্যে নিজ নিজ স্থাপনার নির্মাণকাজ শুরু করার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘পূর্বাচলকে একটি আদর্শ নগরী হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ অপরিহার্য এবং এ ক্ষেত্রে মন্ত্রণালয় ও রাজউক সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।’
এসময় রাজউক চেয়ারম্যান পূর্বাচল নতুন শহর প্রকল্পে পরিকল্পিত ও দ্রুত নগরায়ণ নিশ্চিত করতে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।