রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
আজ শনিবার দুপুরে বসিলায় ফিরোজা বাশার আইডিয়াল কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের মোহাম্মদপুর পুরো ঢাকা শহরের শিক্ষার কেন্দ্রবিন্দু, শিক্ষার এপিসেন্টার। কেন বললাম—একটা বড় কারণ হলো, ঢাকা শহরের সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ বাস করে মোহাম্মদপুরে। সবচেয়ে বেশি শিক্ষিত লোক যেখানে, শিক্ষার এপিসেন্টার তো তার বাইরে হতে পারে না। ঢাকার শিক্ষার এপিসেন্টার মানে পুরো বাংলাদেশের শিক্ষার এপিসেন্টার।’
তিনি আরও বলেন, ‘আমাদের অনেক ভালো ভালো স্কুল-কলেজ আছে। এই মোহাম্মদপুরের আরও উন্নত করতে যত ধরনের উদ্যোগ সম্ভব নিতে চেষ্টা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে এই বসিলাতে আমরা নতুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে আসছি।’
ফিরোজা বাশার আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা এইচএসসি পাস করতে করতে ইনশাআল্লাহ আমরা এখানে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব।’
ৎশিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতেই বসিলার প্রস্তাবিত প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান ববি হাজ্জাজ। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।’