মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বিএনপিই একমাত্র দল, যাদের দেশ গঠনের কর্মসূচি আছে: বনানীতে তারেক রহমান

অনলাইন ডেস্ক

বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দলটি রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘বিএনপিই একমাত্র দল এই মুহূর্তে, যাদের দেশ গঠনের কর্মসূচি আছে।’

আজ সোমবার নিজ নির্বাচনী এলাকার (ঢাকা-১৭) বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘বিএনপি হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল, যাদের দেশ গড়ার একটি পরিকল্পনা আছে। বিএনপি একমাত্র দল যাদের কর্মসূচি আছে দেশকে পুনর্গঠন করার। বিএনপি একমাত্র দল যাদের সঠিকভাবে দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে।’

তিনি বলেন, ‘বিএনপি সবসময় বিশ্বাস করে, জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপি সৃষ্টি থেকে সবসময় জনগণের সমর্থন ছিল। জনগণের সমর্থন ছিল বলে বিএনপি জনগণকে রেখে চলে যায়নি।’

জনগণের সুখ-দুঃখ যেকোনো পরিস্থিতিতে সবসময় বিএনপি জনগণের পাশে ছিল বলেও উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, ‘জনগণ যত বার বিএনপিকে সুযোগ দিয়েছে, ততবারই বিএনপি চেষ্টা করেছে তার সর্বশক্তি দিয়ে দেশকে গড়ে তুলবার।’

বিএনপির সামনের দিনে রাজনীতি ও মূল লক্ষ্য দেশকে পুনর্গঠন করা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘দেশকে স্বৈরাচার শেষ করে দিয়ে গেছে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা সেই দেশকে আবারও গড়ে তুলবো। দেশ যেহেতু আমাদের, সুতরাং বাইরে থেকে এসে কেউ গড়ে দিয়ে যাবে না।’

ধানের শীষের পক্ষে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আজ ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে সকলের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি। আপনাদের রায় চাচ্ছি। আপনারা সমগ্র দেশে ধানের শীষকে বিজয়ী করেন, সারাদেশে আপনাদের বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন আছে, সবাইকে যদি অনুরোধ করেন, আমিও আপনাদের মাধ্যমে সবার কাছে অনুরোধ পৌঁছে দিতে চাই।’

তিনি বলেন, ‘আসুন, আমাদের দেশ গঠন করতে হবে, মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে। দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। বিএনপি একমাত্র দল যার সেই পরিকল্পনা, কর্মসূচি এবং অভিজ্ঞতা আছে। কাজেই বিএনপিকে আপনারা সুযোগ দিন। বিএনপি আপনাদের সঙ্গে নিয়ে আগামী দিনে দেশ গঠন করবে।’

তারেক রহমান আরও বলেন, ‘নির্বাচন ঘিরে মানুষের অনেক প্রত্যাশা তৈরি হয়। বিএনপির কাছে সারা বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা আছে। আমরাও সেভাবেই পরিকল্পনা গ্রহণ করতে চেষ্টা করেছি।’

পথসভায় ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের গুরুত্ব তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, দেশের তরুণদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলতে দেশজুড়ে আধুনিক প্রশিক্ষণ সেন্টার গড়ে তোলা হবে। এর মাধ্যমে তারা যেন দেশে এবং বিদেশে সম্মানজনক কাজ করে স্বাবলম্বী হতে পারে এবং দেশের বেকারত্ব ঘুচাতে পারে।

খালেদা জিয়াকে স্মরণ করে তারেক রহমান বলেন, ‘স্বৈরাচারের সময় দেশত্যাগের প্রস্তাব দেওয়া হলেও খালেদা জিয়া দেশ ছেড়ে কোথাও যাননি। খালেদা জিয়া জীবনের শেষ পর্যন্ত এদেশের মাটিতে ছিলেন। মানুষ ছেড়ে যাননি। সেজন্য আমাদেরও শেষ ঠিকানা এই দেশ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা