গণভোট ও জাতীয় নির্বাচনে দেশব্যাপী উৎসবমুখর পরিবেশে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রদত্ত ঐতিহাসিক ম্যান্ডেটের জন্য বিএনপিসহ সব বিজয়ী প্রার্থী, অন্তর্বর্তীকালীন সরকার এবং দেশের জনতাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি-এর সভাপতি আ স ম আবদুর রব। আজ শুক্রবারগণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান।
আ স ম আবদুর রব বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগের মহিমায় অর্জিত এই নতুন বাংলাদেশে আজকের এই শান্তিপূর্ণ নির্বাচন আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল মাইলফলক। জনগণ অত্যন্ত সাহসিকতার সাথে তাদের রায় প্রদান করে রাষ্ট্র সংস্কারের যে জোরালো বৈধতা দিয়েছেন, তা কেবল একটি নির্বাচনি জয় নয়; বরং এটি একটি জবাবদিহিমূলক, বৈষম্যহীন এবং মানবিক রাষ্ট্র গড়ার অদম্য অঙ্গীকার।’
তিনি বলেন, ‘এই বিজয় কেবল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সরকার গঠনের সাফল্য নয়, এটি ‘‘জুলাই জাতীয় সনদ’’ বাস্তবায়নের পথে এক বিশাল যাত্রা। গণমানুষের স্বপ্নপূরণে একটি ন্যায়ভিত্তিক ও স্বচ্ছ রাষ্ট্র প্রতিষ্ঠাই এখন আমাদের প্রধান ব্রত। গণতন্ত্র মানে কেবল ভোট নয়; বরং রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং বৈচিত্র্যের মাঝে ঐক্যই হবে আমাদের শক্তির উৎস।’
জেএসডি সভাপতি বলেন, ‘জনগণের এই বিপুল জনরায়কে যদি আমরা একটি অংশীদারত্বমূলক ও সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারি, তবেই শহিদদের রক্ত সার্থক হবে এবং বিশ্বমানচিত্রে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত হবে।’