বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে প্রতারণা ও যৌন হেনস্তার অভিযোগে সাবেক কুস্তিগির ও অভিনেতা সৌরভ গুর্জরকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। মুম্বাই বিমানবন্দর থেকে আটকের পর তাকে হায়দরাবাদে নেওয়া হয়। পরে আদালত তাকে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ আগস্ট হায়দরাবাদের গাচিবাউলি থানায় ২৯ বছর বয়সী এক নারী সৌরভের বিরুদ্ধে অভিযোগ করেন। তার দাবি, ২০২১ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে সৌরভের সঙ্গে পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তী সময়ে ভারত ও যুক্তরাষ্ট্রে তাদের সম্পর্ক চলতে থাকে।
অভিযোগকারী জানান, ২০২১ সালের ২৫ ডিসেম্বর প্রথমবার সৌরভের সঙ্গে সরাসরি দেখা হয় তার। পরে সৌরভ তাকে জানান, তিনি আগে থেকেই বিবাহিত। তবে এরপরও ভবিষ্যতে একসঙ্গে সংসার করার প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক চালিয়ে যান বলে অভিযোগ ওই নারীর।
তার আরও দাবি, বিয়ের বিষয়ে কথা বললেই সৌরভ যোগাযোগ বন্ধ করে দিতেন। ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ব্লক করে দেওয়ার অভিযোগও করেন তিনি। সৌরভের সঙ্গে থাকার জন্য যুক্তরাষ্ট্রের চাকরি ছেড়ে দিয়েছিলেন বলেও দাবি করেন ওই নারী। এতে তিনি আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক ও আবেগজনিত সমস্যায় পড়েন বলে অভিযোগে উল্লেখ করেন।
অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সৌরভ তার সঙ্গে ছিলেন। এরপর যোগাযোগ বন্ধ করে দেন। পরে সৌরভ তাকে হায়দরাবাদে যেতে সহযোগিতা করলেও সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতি নিয়ে জটিলতার সমাধান হয়নি বলে দাবি করেন অভিযোগকারী। এরপর পুলিশের কাছে যান তিনি।
অভিযোগের ভিত্তিতে গাচিবাউলি পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ ধারায় মামলা করেছে। এই ধারায় প্রতারণামূলক উপায়ে যৌন সম্পর্ক স্থাপনের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
গাচিবাউলি থানার পরিদর্শক কে সাইদুল সৌরভের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে লুকআউট সার্কুলার (এলওসি) জারি করা হয়েছিল। ১৭ সেপ্টেম্বর রাতে মধ্যপ্রাচ্য থেকে মুম্বাই বিমানবন্দরে পৌঁছালে অভিবাসন কর্মকর্তারা তাকে আটক করেন। পরে গাচিবাউলি থানার একটি দল তাকে হায়দরাবাদে নিয়ে যায়।
ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করার পর সৌরভকে ১৪ দিনের বিচারিক হেফাজতে পাঠানো হয়। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
সৌরভ গুর্জর ভারতীয় টেলিভিশন ধারাবাহিক ‘মহাভারত’-এ ভীম চরিত্রে অভিনয় করে পরিচিতি পান। পরে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান—শিবা’ সিনেমায় ‘জোর’ চরিত্রেও অভিনয় করেন।