ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে মডেল রিধিকা রিধির ঝুলন্ত লাশ উদ্ধারের আত্মহত্যার প্ররোচনায়র মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই আব্দুল ওয়াদুত আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনে বলা হয়, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও মামলা তদন্তকালে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বাদীর আনা অভিযোগের যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে। জিজ্ঞাসাবাদে আসামি অপরাধের কথা স্বীকার করেন এবং ঘটনার সাথে জড়িত বলেও জানিয়েছেন।“আসামি জামিনে মুক্তি পেলে চিরতরে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’
আসামি পক্ষে আইনজীবী গোলাম কিবরিয়া ছোটন জামিন চেয়ে আবেদন করে মঙ্গলবার শুনানি করতে চান । পরে আদালত তাকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির দিন মঙ্গলবার ঠিক করেন ।
পুলিশের দাবী, ঘটনার সময় রিধি তার প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ ও এর পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। মডেলিংয়ের পাশাপাশি বেশ কটি নাটকে অভিনয় করেছেন রিধি। এর মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’, ‘সুন্দরী’।
শনিবার সকালে রিধিকে শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রিধির মা মনি বেগম সেদিন বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়। ঘটনার দিন হাসিবুর রিধিকে দেখতে তার বাসায় এসেছিলেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।