বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

মেসির বিদায়ী ম্যাচ স্মৃতিকাতর হয়ে উঠবে: স্কালোনি

প্রতিবেদকের নাম

লিওনেল মেসির বিদায়ের পরও আর্জেন্টিনা জাতীয় দল বিশ্ব ফুটবলের শীর্ষ পর্যায়ে থাকবে বলে আত্মবিশ্বাসী কোচ লিওনেল স্কালোনি। তবে দলের গত দুই দশকের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড়ের বিদায়ের ম্যাচটি সবার জন্যই স্মৃতিকাতর হয়ে উঠবে বলে মনে করছেন তিনি।

৩৯ বছর বয়সী মেসি মঙ্গলবার আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলবেন। বুয়েনস এইরেসের স্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচটি হবে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের এক আবেগঘন অধ্যায়। তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার উদযাপনের জন্য ২০২২ বিশ্বকাপজয়ী দলের সতীর্থদেরও ম্যাচটিতে আমন্ত্রণ জানানো হয়েছে।

আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনের তালিকাটি অসাধারণ। ২০২২ বিশ্বকাপের শিরোপা, ২০১৪ ও ২০২৬ বিশ্বকাপের ফাইনালে খেলা, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকার শিরোপা এবং ২০০৮ অলিম্পিকে সোনার পদক জিতেছেন তিনি। জাতীয় দলের হয়ে ২০৮ ম্যাচে করেছেন ১২৫ গোল—দুটিই আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ। তিনটি বিশ্বকাপের ফাইনালে প্রথম খেলোয়াড় হিসেবে একাদশে শুরুও করেছেন তিনি।

মেসির আন্তর্জাতিক বিদায়ের সঙ্গে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাকে ছাড়া আর্জেন্টিনা কি বিশ্ব ফুটবলের অভিজাত দলগুলোর কাতারে থাকতে পারবে? নাকি দিয়েগো ম্যারাডোনার বিদায়ের পর ৩৫ বছরের শিরোপাখরা ফের ফিরে আসবে?

স্কালোনি বলেন, ‘মেসি এমন এক উত্তরাধিকার রেখে যাচ্ছে, যার কোনো তুলনা নেই। আমাদের খেলা চালিয়ে যেতে হবে। কিন্তু মাঠে তাকে পাওয়ার অনুভূতি একেবারেই আলাদা। ফুটবল মাঠে সে যা করে, অন্য কাউকে কখনো এমন করতে দেখিনি। এটাই আমরা সবচেয়ে বেশি মিস করব।’

তবে মেসিকে ছাড়াও আর্জেন্টিনার উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আশাবাদী স্কালোনি। আরও চার বছরের জন্য চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা চলছে তার। তিনি বলেন, ‘আর্জেন্টিনা জাতীয় দল টিকে থাকবে। আমরা নিজেদের উচ্চ মান ধরে রাখব, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।’

শুক্রবার পরিবারের সঙ্গে নিজের শহর রোসারিওতে পৌঁছানোর পর রোববার দলের সঙ্গে যোগ দেন মেসি। আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচের প্রস্তুতি হিসেবে দলের সঙ্গে শেষ অনুশীলনগুলোও সম্পন্ন করেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

মেসির পাশাপাশি নিকোলাস ওতামেন্দিও দলের সঙ্গে অনুশীলন করেছেন। ২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া ওতামেন্দিরও বেনিনের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে জিওভানি লো সেলসো ও মেসির ইন্টার মায়ামির সতীর্থ রদ্রিগো দে পলও শেষ দুই দিনের অনুশীলনে যোগ দিয়েছেন। প্রথম দুই ম্যাচের জন্য স্কালোনির দলে ছিলেন না দে পল।

২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের প্রায় পুরো সদস্যই মেসিকে বিদায় জানাতে স্তাদিও মনুমেন্তালে উপস্থিত থাকবেন। শুধু পাওলো দিবালা, নাহুয়েল মোলিনা ও আলেহান্দ্রো গোমেজ থাকছেন না।

বিশ্বকাপের পর মেসিকে ছাড়া প্রথম দুই ম্যাচেই নিজেদের সামর্থ্যের ঝলক দেখিয়েছে আর্জেন্টিনা। গত সপ্তাহে বলিভিয়াকে ৪-০ এবং বুরকিনা ফাসোকে ৭-০ গোলে হারিয়েছে তারা। প্রতিপক্ষের শক্তি নিয়ে প্রশ্ন থাকলেও দুই ম্যাচে ভবিষ্যতের আর্জেন্টিনার সম্ভাবনার বেশ কিছু ইঙ্গিত পাওয়া গেছে।

এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, এনজো ফের্নান্দেজ ও লাওতারো মার্তিনেজের মতো প্রতিষ্ঠিত তারকাদের পাশাপাশি উঠে আসছে একঝাঁক তরুণ প্রতিভা। সৃজনশীল মিডফিল্ডার নিকো পাজ ও ফ্রাঙ্কো মাস্তানতুওনো এবং দুই প্রান্তের খেলোয়াড় জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি ও লিওনেল ফ্লোরেস তাদের মধ্যে উল্লেখযোগ্য।

মেসিকে ছাড়া আর্জেন্টিনার প্রথম বড় টুর্নামেন্ট হবে ২০২৮ সালের কোপা আমেরিকা। সেখানে মেসি থাকবেন না। স্কালোনি থাকবেন কি না, সেটিও এখনো নিশ্চিত নয়। তবে আর্জেন্টিনার সর্বকালের সেরা খেলোয়াড়ের রেখে যাওয়া উত্তরাধিকার তখনও দলটির ওপর গভীর প্রভাব রাখবে।

মঙ্গলবার বেনিনের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনাকে শেষবারের মতো নেতৃত্ব দিতে মাঠে নামবেন মেসি। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া মেসিকে বিদায়ী প্রীতি ম্যাচে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

আর্জেন্টিনার এই অনন্য দশ নম্বর জার্সিধারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে স্কালোনি বলেন, ‘সে আর থাকবে না—এটা ভাবলেই এখন শুধু স্মৃতি আর আবেগই মনে আসে। সে অবিশ্বাস্য এক উদাহরণ। সবার আগে আসে, সবার শেষে যায়, নিজের যত্ন নেয় এবং প্রতিটি ম্যাচকে যেভাবে গ্রহণ করে, সেটিও অসাধারণ।’

তিনি আরও বলেন, ‘সে কী অসাধারণ খেলোয়াড়, শুধু মাঠে তার খেলা দেখলেই বোঝা যায়। কিন্তু তার সতীর্থরা তার আরও কিছু দিক দেখতে পায়। সেখানেও সে হতে পারে সবচেয়ে বড় উদাহরণ।’

স্কালোনির ভাষায়, ‘সে এমন এক উত্তরাধিকার রেখে গেছে—অথবা রেখে যাচ্ছে, কারণ তার আরও একটি ম্যাচ বাকি—যার কোনো তুলনা নেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা