শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

‘স্টার ট্রেক’ তারকা প্যাট্রিক স্টুয়ার্টের মৃত্যু

প্রতিবেদকের নাম

‘স্টার ট্রেক’ সিরিজে ক্যাপ্টেন জঁ-লুক পিকার্ড এবং ‘এক্স-মেন’ চলচ্চিত্রে অধ্যাপক এক্স চরিত্রে অভিনয়ের জন্য বিশ্বজুড়ে পরিচিত ব্রিটিশ অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

মার্কিন বার্তাসংস্থা সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, বুধবার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাসায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মুখপাত্র কেলি বুশ নোভাক এক বিবৃতিতে মৃত্যুর খবর নিশ্চিত করেন। বিবৃতিতে বলা হয়, আলঝেইমার রোগ ও লিউই বডি ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার পর সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন এক লড়াইয়ের অবসান ঘটেছে তার।

১৯৪০ সালে ইংল্যান্ডের ইয়র্কশায়ারের মিরফিল্ডে জন্ম নেওয়া স্টুয়ার্টের অভিনয়জীবন ছিল ছয় দশকেরও বেশি সময়ের। শৈশব থেকেই স্থানীয় থিয়েটারে অভিনয় শুরু করেন তিনি। পেশাদার অভিনয়ে আসার আগে কিছুদিন সাংবাদিকতা ও আসবাবপত্র বিক্রির কাজও করেছিলেন।

১৯৬৬ সালে যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ রয়্যাল শেকসপিয়ার কোম্পানিতে যোগ দেন স্টুয়ার্ট। ১৯৮২ সাল পর্যন্ত সেখানে কাজ করার সময় ‘আ মিডসামার নাইটস ড্রিম’, ‘দ্য মার্চেন্ট অব ভেনিস’ ও ‘দ্য উইন্টারস টেল’-এর মতো নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন।

তবে বিশ্বব্যাপী পরিচিতি আসে ১৯৮৭ সালে শুরু হওয়া জনপ্রিয় বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক টেলিভিশন সিরিজ ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’-এর মাধ্যমে। ১৯৮৭ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত প্রচারিত সাত মৌসুমের এই সিরিজে মহাকাশযান ইউএসএস এন্টারপ্রাইজের অধিনায়ক জঁ-লুক পিকার্ডের চরিত্রে অভিনয় করেন তিনি। চরিত্রটির বিখ্যাত সংলাপ ‘মেক ইট সো’ দর্শকদের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়ে ওঠে। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ‘স্টার ট্রেক: পিকার্ড’ সিরিজেও একই চরিত্রে ফিরেছিলেন তিনি।

‘এক্স-মেন’ চলচ্চিত্র সিরিজে টেলিপ্যাথিক ক্ষমতাসম্পন্ন অধ্যাপক চার্লস জেভিয়ার বা প্রফেসর এক্স চরিত্রেও ব্যাপক প্রশংসা পান স্টুয়ার্ট। চলতি বছরের শেষ দিকে মুক্তির অপেক্ষায় থাকা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ চলচ্চিত্রেও চরিত্রটিতে তার অভিনয়ের কথা ছিল।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন ‘স্টার ট্রেক’-এর মূল সিরিজের অভিনেতা উইলিয়াম শ্যাটনার। স্টুয়ার্টকে বন্ধু, সহকর্মী ও অসাধারণ অভিনেতা উল্লেখ করে তিনি বলেন, অভিনয়ের প্রতিটি ক্ষেত্রে স্টুয়ার্ট বুদ্ধিমত্তা, সৌজন্য ও মানবিকতার পরিচয় দিয়েছেন। ‘এক্স-মেন’-এ তার সহশিল্পী ও ঘনিষ্ঠ বন্ধু ইয়ান ম্যাককেলেনও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। তিনি স্টুয়ার্টকে নির্ভরযোগ্য, শ্রদ্ধার যোগ্য ও ভালোবাসার মানুষ হিসেবে স্মরণ করেন।

নাটকে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ তাকে নাইট উপাধিতে ভূষিত করেন। মঞ্চে অভিনয়ের জন্য তিনবার অলিভিয়ের পুরস্কারও পেয়েছেন তিনি। ২০০৯ সালে ‘হ্যামলেট’ নাটকে ক্লডিয়াস চরিত্রে অভিনয়ের জন্য সর্বশেষ পুরস্কারটি অর্জন করেন।

ব্যক্তিজীবনে স্টুয়ার্ট ২০১৩ সালে মার্কিন সংগীতশিল্পী সানি ওজেলকে বিয়ে করেন। এর আগে তার দুটি বিয়ে হয়েছিল। প্রথম স্ত্রী অভিনেত্রী শিলা ফ্যালকনারের সঙ্গে তার এক মেয়ে ও এক ছেলে রয়েছে।

অভিনয়ের পাশাপাশি দুই দশকেরও বেশি সময় ধরে ‘আমেরিকান ড্যাড’ অ্যানিমেশন সিরিজে কণ্ঠ দিয়েছেন তিনি। সেখানে সিআইএর এক কর্মকর্তার চরিত্রে কণ্ঠ দিয়ে নিজের পরিচিত গম্ভীর ও মার্জিত অভিনয়ধারার বাইরে গিয়ে দর্শকদের হাসিয়েছেন।

২০০৯ সালে ‘দ্য গার্ডিয়ান’-এ লেখা এক নিবন্ধে শৈশবে পারিবারিক সহিংসতার অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন স্টুয়ার্ট। সে সময় অভিনয়কে নিজের আশ্রয় হিসেবে উল্লেখ করে তিনি লিখেছিলেন, মঞ্চ ছিল তার কাছে বাস্তব জীবনের চেয়ে অনেক বেশি নিরাপদ এক জায়গা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা