বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

হ্যান্ডকাফসহ পালিয়ে লাইভে আসির, এবার রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার

মোঃ মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া একাধিক মামলার আসামি আসির মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসির মিয়া শান্তিগঞ্জ উপজেলার দামুদারতপি গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, এর আগে হ্যান্ডকাফ পরা অবস্থায় পুলিশের হেফাজত থেকে পালিয়ে যান আসির মিয়া। পরে স্থানীয় আত্মীয়-স্বজনের সহায়তায় তাকে আটক করা হলেও সেখান থেকে আবারও তাকে ছিনিয়ে নেওয়া হয়।

পুলিশের হেফাজত থেকে পালানোর পর আসির মিয়া হ্যান্ডকাফ হাতে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে আসেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ, পিপিএমের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার এসআই মাহমুদুল হাসান, এসআই মুকুল খান, এএসআই খাদেম, এএসআই রোশন, ডিবি পুলিশের সদস্য এবং সদর থানার এসআই জহির হোসেন অংশ নেন।

অভিযানের একপর্যায়ে সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্ট থেকে আসির মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাকে শান্তিগঞ্জ থানার হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলো এবং পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা