মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

৪ খুনের আসামিদের পক্ষে আইনি লড়াই না করার ঘোষণা রংপুর আইনজীবী সমিতির

মো: সাকিব চৌধুরী, স্টাফ রিপোর্টার

 

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আসামিদের পক্ষে কোনো আইনজীবী আইনি লড়াই করবেন না বলে ঘোষণা দিয়েছে রংপুর আইনজীবী সমিতি।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন এ ঘোষণা দেন।

 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনাটি অত্যন্ত নৃশংস ও নিকৃষ্টতম। আইনজীবী সমিতি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ইতোমধ্যে কয়েকজন সরকারি আইনজীবী এবং রংপুর সিটি করপোরেশনের প্রশাসককে সঙ্গে নিয়ে আইনজীবী সমিতির প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, নিহতদের পরিবারের পাশে রংপুর আইনজীবী সমিতি রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের আইনগত সহায়তা দেওয়া হবে।

আফতাব উদ্দিন আরও জানান, চারজনের মরদেহ উদ্ধারের পর পুলিশ দুজনকে আটক করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত গহনাও উদ্ধার করা হয়েছে। আটক দুজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। আইনজীবী সমিতির মতে, পুলিশি তৎপরতা ও সাংবাদিকদের সহযোগিতায় তদন্ত বর্তমানে সঠিক পথেই এগোচ্ছে।

তবে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব ও মনগড়া তথ্য ছড়ানোর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ঘটনাটিকে রাজনৈতিকভাবে ব্যবহার না করারও অনুরোধ করেন।

আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বলেন, সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে—গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আসামিদের পক্ষে রংপুর আইনজীবী সমিতির কোনো সদস্য আইনি লড়াই করবেন না। অন্যদিকে নিহতদের পরিবারের পক্ষে প্রয়োজনীয় সব ধরনের আইনি সহায়তা দিতে সমিতি পাশে থাকবে।

তিনি সাংবাদিকদের প্রতি হত্যাকাণ্ডের বিষয়ে যাচাই করা সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, রংপুর আইনজীবী সমিতির অ্যাডভোকেট সাহেদ কামাল ইবনে খতিব, জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট কাওছার আলীসহ আইনজীবী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা