ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ। আকস্মিকভাবে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে তিনি নিজেই শ্রেণিকক্ষে পাঠদান করেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের স্বপ্ন, পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনার খোঁজখবর নেন তিনি।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে পরিদর্শনে যান ইউএনও রেজওয়ানা নাহিদ। পরিদর্শনের একপর্যায়ে তিনি অষ্টম শ্রেণির শ্রেণিকক্ষে প্রবেশ করে বাংলা বিষয়ের ওপর পাঠদান শুরু করেন। প্রায় ২০ মিনিটের ওই ক্লাসে তিনি সহজ ও প্রাণবন্ত উপস্থাপনার মাধ্যমে পাঠ্যবইয়ের বিভিন্ন বিষয় শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
ক্লাস শেষে ইউএনও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসই সাফল্যের মূল চাবিকাঠি। তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে এবং সেই লক্ষ্য অর্জনে পরিশ্রম করার আহ্বান জানান।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের স্বপ্ন, পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনার খোঁজখবর নেন ইউএনও। ছবি: আমাদের সময়
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, ‘প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা শ্রেণিকক্ষে এসে পাঠদান করায় শিক্ষার্থীরা দারুণ উৎসাহিত হয়েছে। এতে তাদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ আরও বাড়বে বলে আমরা আশা করছি।’
অষ্টম শ্রেণির মেহরাব হোসেন সৌর শিক্ষার্থী বলে, ‘স্যার ম্যাডামদের বাইরে ইউএনও ম্যাডাম আমাদের ক্লাস নেবেন, এটা ভাবতেই পারিনি। তিনি খুব সহজভাবে বুঝিয়েছেন।’
স্থানীয় অভিভাবক ও সচেতন নাগরিকেরা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, প্রশাসনের এমন সরাসরি সম্পৃক্ততা শিক্ষার্থীদের মানসিকভাবে উজ্জীবিত করবে এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে সহায়ক হবে।
এ বিষয়ে ইউএনও রেজওয়ানা নাহিদ বলেন, ‘প্রতিটি শিক্ষার্থী যেন মানসম্মত পরিবেশে প্রকৃত শিক্ষা পায়, সেটিই আমাদের লক্ষ্য। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিদর্শন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় কার্যক্রম অব্যাহত থাকবে।’