মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আগস্টের শেষেই নারী এশিয়া কাপ, আয়োজক আরব আমিরাত

প্রতিবেদকের নাম

নারী এশিয়া কাপের আনুষ্ঠানিক সূচি এখনও প্রকাশ হয়নি। তবে সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকেই মাঠে গড়াবে মহাদেশের সেরা দলগুলোর এই লড়াই।
টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো।
ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, টুর্নামেন্টের সূচি, ভেন্যু ও চূড়ান্ত সময়সূচি প্রকাশের আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে আয়োজকরা।
বর্তমানে এসিসির সভাপতির দায়িত্ব পালন করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সংস্করণের নারী এশিয়া কাপ।
এবারের আসরে অংশ নেবে আটটি দল: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, মালয়েশিয়া, থাইল্যান্ড ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
এখনও আনুষ্ঠানিক সূচি প্রকাশ না হলেও সম্ভাব্য সময়সূচি ধরেই প্রস্তুতি চালিয়ে যেতে অংশগ্রহণকারী দেশগুলোকে নির্দেশনা দিয়েছে এসিসি।
জানা গেছে, গত ২২ জুলাই সদস্য দেশগুলোর কাছে টুর্নামেন্টের লোগো পাঠানো হয়েছে। একই সঙ্গে দলগুলোকে ২৭ আগস্টের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর প্রস্তুতি রাখতে বলা হয়েছে। তবে ভ্রমণ পরিকল্পনা ও অন্যান্য লজিস্টিকস চূড়ান্ত করতে এখনো আনুষ্ঠানিক সূচির অপেক্ষায় রয়েছে অংশগ্রহণকারী দেশগুলো।
সূচি প্রকাশে বিলম্বের প্রভাব পড়েছে অংশগ্রহণকারী দেশগুলোর প্রস্তুতিতেও। রোববার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নারী এশিয়া কাপের জন্য দল ঘোষণা করলেও পরে আনুষ্ঠানিক সূচি প্রকাশ না হওয়ায় সেই ঘোষণাটি প্রত্যাহার করে নেয়।
সবশেষ ২০২৪ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নারী এশিয়া কাপও হয়েছিল টি-টোয়েন্টি সংস্করণে। সেই আসরের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে স্বাগতিক শ্রীলঙ্কা। এর আগে ২০১৮ সালে ফাইনালে ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশও।

এবারের আসরটি হবে নারী এশিয়া কাপের নবম সংস্করণ এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ষষ্ঠ আয়োজন। এখন পর্যন্ত টুর্নামেন্টে সবচেয়ে সফল দল ভারত। তারা সাতবার শিরোপা জিতেছে। বাকি দুটি শিরোপা ভাগ করে নিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুটি দলই তাদের একমাত্র শিরোপা জিতেছে টি-টোয়েন্টি সংস্করণে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা