বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

‘আমাকে কি দেখতে নেশাখোরের মতো লাগে’

প্রতিবেদকের নাম

ব্যান্ড সংগীতে ফোক ফিউশন দিয়ে নিজস্ব ধারা তৈরি করেছিলেন সংগীতশিল্পী আনুশেহ আনাদিল। ‘তোমার ঘরে বাস করে কারা’, ‘ঘাটে লাগাইয়া ডিঙ্গা’, ‘কৃষ্ণপক্ষ’, ‘আমি অপার হয়ে’ ইত্যাদি গান দিয়ে জয় করে নিয়েছিলেন শ্রোতাদের হৃদয়। দীর্ঘদিন ধরেই গান থেকে দূরে আছেন আনুশেহ। অনলাইন কিংবা অফলাইন- কোথাও তার দেখা নেই।

সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে এই গায়িকার দুটি ভিডিও। সেই ভিডিও’র সুবাদে আবার আলোচনায় আনুশেহ। অনেক দিন ধরেই তাকে নিয়ে নেতিবাচক পোস্ট শেয়ার করছেন নেটিজেনরা।

গুঞ্জন ছড়িয়েছে- নেশাগ্রস্ত হয়ে পড়ায় স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে আনুশেহর, ছেড়ে দিতে হয়েছে গান-বাজনাও। বিষয়টি আনুশেহর নজরে এসেছে।

তাই এক ভিডিওবার্তায় আনুশেহ বলেন, ‘আমাকে কি দেখতে নেশাখোরের মতো লাগে? হয়তো-বা আমি নিজের যত্ন ঠিকভাবে নিই না- এটা সত্য। তবে চেষ্টা করছি। আমাকে নিয়ে বেশি চিন্তা করবেন না প্লিজ। আর দূর থেকে বসে আমাকে জাজ করবেন না। এটাও ভাববেন না যে আমি নেশার কারণে গান ছেড়ে দিয়েছি বা গাইতে পারি না। এখনো সুরে গান গাইতে পারি। হ্যাঁ, এটা সত্যি যে কমার্শিয়ালি গান করছি না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার জীবনটাকে সহজ করব। ওই পথেই আছি। একটা মাটির বাড়ি বানিয়েছি।’

অপর একটি ভিডিওতে আনুশেহকে বলতে শোনা যায়, ‘আমি অনেক বছর ধরে নিজের চেহারা কাউকে দেখাই না। লুকায়ে ছিলাম। এই বছরগুলোতে আমি প্রচুর লিখেছি। কিন্তু একটা জিনিস খেয়াল করেছি, সেগুলো কেউ পড়ে না। পড়ে তবে সেটা বয়স্করা। এই প্রজন্ম ছোট ছোট ক্লিপস দেখতে অভ্যস্ত।’

বলা দরকার, চলতি বছর জুনে আনুশেহ জানান- তিনি টিনিটাস রোগে আক্রান্ত। টিনিটাস হলো এমন একটি রোগ, যেখানে বাইরে কোনো শব্দের উৎস না থাকলেও কানে বা মাথার ভেতরে ভোঁ ভোঁ, শোঁ শোঁ, ঝিঁঝি পোকা ডাকার শব্দ বা হিস হিস শব্দ শোনা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা