সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

উত্তম-সুচিত্রা থেকে দেব-কোয়েল, তারকাদের আসল নাম জানেন কি?

প্রতিবেদকের নাম

কাজ দিয়ে খ্যাতি, নামে পরিচিতি। নামেই তারকাকে চেনে, ভালোবাসে দর্শক। কিন্তু প্রতিষ্ঠিত তারকাদের অনেকেরই নাম নিয়ে আছে ব্যতিক্রম গল্প। আসল নয়, বরং তারা ভিন্ন নামে পরিচিত সবার কাছে। এই তালিকায় কিংবদন্তি থেকে এ যুগের নবীন, অনেক তারকাই আছেন। চলুন তাদের আসল নাম জেনে নেওয়া যাক…

উত্তম কুমার

তাকে বলা হয় বাংলা সিনেমার মহানায়ক। সুদর্শন চেহারা আর অনবদ্য অভিনয়ে জায়গাটা নিজেই অর্জন করেছিলেন। কিন্তু সেই উত্তম কুমারের আসল নাম ক’জন জানেন? জন্মের পর তার বাবা-মা নাম রেখেছিলেন অরুণ কুমার চট্টোপাধ্যায়। আদর করে কেউ কেউ ডাকতেন উত্তম। প্রথম দিকে সিনেমায় কখনো তার নাম হতো অরুণ চট্টোপাধ্যায়, কখন উত্তম চ্যাটার্জি। শেষ পর্যন্ত ‘সহযাত্রী’ (১৯৫১) সিনেমায় প্রথমবার উত্তম কুমার নামটি ধারণ করেন অভিনেতা। আর এই নামেই তিনি পেলেন খ্যাতি, জিতে নিলেন কালের সীমানা।

সুচিত্রা সেন

বাংলার মহানায়িকা সুচিত্রা সেন। শেকড় বাংলাদেশে। তবে রূপে, গুণে মাতিয়েছেন উপমহাদেশ। এই নামটিও কিন্তু আসল নয়। সুচিত্রার আসল নাম রমা দাশগুপ্ত। বিয়ের পর স্বামীর পদবী নিয়ে নাম হয় রমা সেন। তবে ১৯৫৩ সালে ‘সাত নম্বর কয়েদি’ সিনেমায় প্রথমবার তার নাম সুচিত্রা সেন ব্যবহৃত হয়। এরপর এই নামেই তিনি সাফল্য পান। রমা নামটিই বরং হারিয়ে যায় কালের গর্ভে।

ভানু বন্দ্যোপাধ্যায়

বাংলা সিনেমায় কৌতুকাভিনয়ের কিংবদন্তি ভানু বন্দ্যোপাধ্যায়। বলা হয়, এখনো কেউ তার মতো করে হাসির ফোয়ারা ফোটাতে পারেন না। সেই নন্দিত অভিনেতার আসল নাম সাম্যময় বন্দ্যোপাধ্যায়। তবে স্বজনরা তাকে আদর করে ভানু বলে ডাকত। সিনেমায় আসার সময় তিনি ভানু নামটি ধারণ করেন। আর এই নামে অর্জন করেন খ্যাতি।

মিঠুন চক্রবর্তী

১৯৫০ সালে বরিশালে জন্মের পর বাবা-মা তার নাম রাখেন গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। মা আদর করে ডাকতেন ‘গৌর’। তবে বড় হয়ে সিনেমায় আসার সময় তিনি ‘মিঠুন’ নামটি ধারণ করেন। প্রথম সিনেমা ‘মৃগয়া’তেও মিঠুন চক্রবর্তী হিসেবেই সামনে এসেছিলেন। এরপর ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা হয়ে ওঠেন তিনি।

জিৎ

একবিংশ শতকের শুরুর দিকটায় কলকাতার সিনেমায় সবচেয়ে সফল তারকা জিৎ। একের পর এক সিনেমা দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কিন্তু ছোট্ট নাম ‘জিৎ’-এ পরিচিতি পেলেও তার আসল নাম জিতেন্দ্র মদনানী। যে নাম অনেকেরই অজানা। জিতেন্দ্র থেকে জিৎ নামে আগে থেকেই তাকে ডাকা হতো। পরে এ নামটাই ধারণ করে সিনেমায় প্রতিষ্ঠিত হন অভিনেতা।

দেব

জিতের পর টলিউডের শীর্ষ তারকা হয়ে ওঠেন দেব। এখন জিতের চেয়ে দেবের দাপটই বেশি টালিগঞ্জে। মজার ব্যাপার হলো, দেবের নামও ভিন্ন। তার আসল নাম দীপক অধিকারী। ছোটবেলায় তাকে সবাই দীপক বলেই ডাকতো। তবে সিনেমায় এসে তিনি ‘দেব’ নাম ধারণ করেন। প্রথম সিনেমা ‘অগ্নিশপথ’ (২০০৬)-এ দেব হিসেবেই আবির্ভূত হন অভিনেতা।

যিশু সেনগুপ্ত

জিৎ-দেবদের সমসাময়িক অভিনেতা যিশু। তারকা খ্যাতিতে কিছুটা পিছিয়ে হলেও গুণে বরং এগিয়েই। তারও আসল নাম ভিন্ন। বাবা-মা নাম রেখেছেন বিশ্বরূপ সেনগুপ্ত। তবে অভিনয়ে আসার সময় তিনি বিশ্বরূপ থেকে যিশু নাম ধারণ করেন। আর এই নামেই এখন ভারতজুড়ে তার খ্যাতি।

কোয়েল মল্লিক

নন্দিত অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিক। বাবার পথ ধরে অভিনয়ে এসে সফলও হয়েছেন। তবে কোয়েলের আসল নাম হলো রুক্মিণী মল্লিক। তবে প্রথম সিনেমা ‘নাটের গুরু’ (২০০৩) থেকেই তিনি কোয়েল নামে পরিচিতি পান। এখন অবশ্য রুক্মিণী (মৈত্র) নামে আরেক অভিনেত্রী টালিগঞ্জে প্রতিষ্ঠিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা