বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
নানা বাড়িতে ঘুরতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ২৭ দিনে এলো আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: ভূমি প্রতিমন্ত্রী শিক্ষার গুণগত মান বাড়াতে নির্দেশনা প্রধানমন্ত্রীর জুলাই পদযাত্রায় হামলা, নাসীরুদ্দীন-সারজিস আহত মানচিত্রে নির্ভুলতা, উন্নয়নে গতি ও জাতীয় নিরাপত্তায় নতুন শক্তি: প্রতিরক্ষা উপদেষ্টা মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন ভারত-যুক্তরাষ্ট্র কারও আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম হামে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯০৪ সড়কে হাতি নিয়ে চাঁদা তোলার সময় ইজিবাইক উল্টে শিশু নিহত
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

একযোগে ২৯৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম

মুখস্থনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে সৃজনশীল, দক্ষ ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তোলার নতুন যাত্রায় আগামীকাল সোমবার জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’। একই মঞ্চ থেকে দেশের ২৯৬২১টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, উদ্ভাবন ও পরিবেশ-এই দুই অগ্রাধিকারের সমন্বয়ে দেশের শিক্ষা ব্যবস্থায় এটি হতে যাচ্ছে এক ব্যতিক্রমী আয়োজন।

আজ রোববার জাতীয় পর্যায়ের অনুষ্ঠান সফল করতে ভেন্যু পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামীকাল সোমবার দুপুর ২টায় জাতীয় পর্যায়ের শোকেজিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। একই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যুক্ত হবে বৃক্ষরোপণ কর্মসূচিতে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম-এর আওতায় এ আয়োজন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ।’

উপজেলা থেকে জাতীয় মঞ্চে ১০০ সেরা দল: সারাদেশের মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি দলে রয়েছেন ৩ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক।

গত ১২ জুন দেশের ৫২১টি উপজেলা ও মহানগর শিক্ষা থানায় প্রথম ধাপের শোকেজিং অনুষ্ঠিত হয়। এতে ৮০২৯টি দলের ২৭ হাজার ২০৪ জন শিক্ষার্থী এবং ১৬,০৫৮ শিক্ষক অংশ নেন।

পরে উপজেলা পর্যায় থেকে নির্বাচিত ৫৪৬টি দল ১৪ জুন জেলা পর্যায়ে তাদের স্টার্টআপ, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। সেখান থেকে নির্বাচিত ১০০টি দল আজ জাতীয় পর্যায়ে নিজেদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করবে।

উদ্ভাবকদের জন্য পুরস্কার: জাতীয় পর্যায়ে প্রদর্শিত প্রকল্পের মধ্য থেকে সেরা ১০টি দলকে ট্রফি দেওয়া হবে।

এছাড়া অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্য থেকে ‘সু-শিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার’ এবং শিক্ষার্থীদের মধ্য থেকে ‘উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার’ দেওয়া হবে। নির্বাচিত শিক্ষকরা ৩০ হাজার টাকা ও সনদপত্র এবং নির্বাচিত শিক্ষার্থীরা ২০ হাজার টাকা ও সনদপত্র পাবেন।

স্থানীয় সমস্যার স্থানীয় সমাধান: শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা মনে করছেন, এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা বিকাশের পাশাপাশি স্থানীয় সমস্যার স্থানীয় সমাধান বেরিয়ে আসবে। একই সঙ্গে স্টার্টআপ সংস্কৃতির মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরির পথও উন্মুক্ত হবে।

জেলা পর্যায়ের শোকেজিং অনুষ্ঠানে বিভিন্ন এলাকার সংসদ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। ঢাকা জেলা পর্যায়ের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি ক্ষুদে উদ্ভাবকদের উৎসাহ দেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

একই সঙ্গে শুরু হচ্ছে সবুজায়নের নতুন কর্মসূচি: একই ভেন্যু থেকে আগামীকাল প্রধানমন্ত্রী দেশের ২৯৬২১টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।

সরকারের ঘোষিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ বছরে স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে ৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় রয়েছে ১৮৯০৭টি বিদ্যালয়, ১৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯২৬৮টি মাদ্রাসা।

প্রতিবছর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে জলবায়ু সচেতনতা কার্যক্রমের জন্য ৫০০০ টাকা অনুদান দেওয়া হচ্ছে। চলতি বছর প্রতিটি প্রতিষ্ঠানে ১টি ফলদ, ১টি বনজ এবং ১টি ঔষধি গাছ রোপণ করা হবে।

দেশজুড়ে অংশগ্রহণমূলক আয়োজন: বৃক্ষরোপণ কর্মসূচিতে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেবেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রদর্শন করা হবে এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

এ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জলবায়ু বিষয়ক ব্যানার ও ফেস্টুন টানানো, শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালি আয়োজন এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা