মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

গভীর রাতে বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মহাসড়কে তীব্র যানজট

নুরুজ্জামান শেখ ।। গাজীপুর মহানগর

বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বৃহস্পতিবার গভীর রাতে রণক্ষেত্রে পরিণত হয় গাজীপুরের বোর্ডবাজার এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে বোর্ডবাজার এলাকার ইউনিক ওয়াশ ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে দিনভর আন্দোলনের পর রাতে মালিকপক্ষ বেতন দিতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

জানা যায়, সকাল থেকেই ইউনিক ওয়াশ ফ্যাক্টরির শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন শুরু করেন। দিনভর পরিস্থিতি মোটামুটি শান্ত থাকলেও রাত সাড়ে ১০টার দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ফ্যাক্টরির বাইরে অবস্থানরত শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন।

এদিকে অভিযোগ উঠেছে, ফ্যাক্টরির ভেতরে থাকা কিছু শ্রমিক মালিকপক্ষের কর্মকর্তাসহ কয়েকজন শ্রীলঙ্কান বিদেশি বায়ারকে আটকে রাখেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছেড়ে দিতে এবং আটকে পড়াদের মুক্ত করার আহ্বান জানায়। তবে পুলিশের দাবি, শ্রমিকরা অনুরোধ উপেক্ষা করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এছাড়া ফ্যাক্টরির ছাদ থেকে পুলিশের ওপর পানি ছোড়া হয় বলেও অভিযোগ রয়েছে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন। পাশাপাশি গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুজ্জামানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা