চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. অরুণ ভু্ইঁয়া নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে আদালত। আজ বুধবার দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইবুন্যালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. রেজাউল করিম এই রায় দেন।
দন্ডপ্রাপ্ত অরুণ ভুঁইয়া উপজেলার গজরা ভূঁইয়া বাড়ির আব্দুল কাদির ভূঁইয়ার ছেলে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২১ সালের ৯ জুলাই বেলা ১১টার দিকে ভুক্তভোগী শিশু তার আপন ভাইয়ের সাথে বাড়ির পাশে জমিতে বীজ পাহারা দেওয়ার জন্য যায়। পরবর্তীতে তাকে জমির পাশে বসিয়ে রেখে খাবার খেতে যায় তার ভাই। এই সুযোগে সেখানে আসামী শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। চিকিৎসার জন্য শিশুর বাবা-মা ঢাকায় অবস্থান করায় শিশুটি রক্তাক্ত অবস্থায় তার দাদীকে ঘটনাটি জানায়। ঘটনা জানতে পেরে বাড়িতে এসে ১৪ জুলাই শিশুর পিতা মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন।
পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোবারক আলী আসামীকে গ্রেপ্তার করে ১৫ জুলাই আদালতে সোপর্দ করেন। পাশাপাশি মামলাটি তদন্ত শেষে ওই বছর ২০ অক্টোবর আদালতে চার্জশীট দাখিল করেন।
সরকার পক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা বলেন, ‘আদালত মামলাটি চলমান অবস্থায় ছয়জনের স্বাক্ষ্য গ্রহণ করে। পরে মামলার স্বক্ষ্য গ্রহণ, আসামী তার অপরাধ স্বীকার করা ও নথিপত্র পর্যালোচনা শেষে আসামীর উপস্থিতিতে বিচারক এই রায় দেন।’