বরগুনার পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এফবি জাহান নামে একটি ট্রলারের পাখা ভেঙে বিকল হয়ে গত তিন দিন ধরে সাগরে ভাসছেন ১৭ জেলে।
আজ শনিবার দুপুরে বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শুক্রবার রাতে ট্রলারটির মালিক মো. বেল্লাল হোসেন তাকে বিষয়টি জানিয়েছেন।
জানা গেছে, পাঁচ দিন আগে পাথরঘাটা বিএফডিসি ঘাট থেকে ‘এফবি জাহান’ নামের ট্রলারটি ১৭ জন জেলেকে নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রলারে থাকা সকল জেলের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়।
গোলাম মোস্তফা চৌধুরী বলেন, গত তিন দিন আগে ট্রলারটির সেফ (পাখা) ভেঙে যাওয়ায় সেটি সম্পূর্ণ বিকল হয়ে পড়ে। এরপর থেকে ট্রলারটি সাগরে ভাসমান অবস্থায় রয়েছে। জেলেরা মোবাইল নেটওয়ার্কের আওতায় আসতে পারলে ট্রলার মালিকের সঙ্গে যোগাযোগ করে তাদের বিপদের কথা জানায় এবং দ্রুত উদ্ধারের আবেদন জানায়।
তিনি আরও জানান, বিষয়টি কোস্টগার্ড পশ্চিম জোনকে অবহিত করা হয়েছে এবং তারা উদ্ধার অভিযানে নেমেছে। পাশাপাশি মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকেও জেলেদের উদ্ধারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।