ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ও মুগদা মেডিকেল কলেজের সহকারী রেজিস্ট্রার (নিউরোলজি) ডা. আঁচল রায়। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ রোববার সকাল ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. আঁচল রায়ের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর। তিনি নোয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।
শোকবার্তায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডা. আঁচল রায়ের অকাল মৃত্যুতে স্বাস্থ্য পরিবার একজন নিবেদিতপ্রাণ চিকিৎসককে হারাল। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।’
মন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।