দেশের উত্তরাঞ্চলের তৃণমূল পর্যায়ে কাবাডি খেলাকে ছড়িয়ে দিতে নতুন উদ্যোগ নিয়েছে উত্তরবঙ্গ কাবাডি ক্লাব। এর অংশ হিসেবে বিভিন্ন বরেণ্য এলাকায় কাবাডি টুর্নামেন্ট ও প্রীতি ম্যাচের আয়োজন করা হবে। একই সঙ্গে তৃণমূলের কাবাডি সংগঠকদের সমন্বয়ে খেলার চর্চা বাড়ানোর বিষয়েও একমত হয়েছেন ক্লাবের কর্মকর্তারা।
গতকাল শনিবার রাজধানীর মতিঝিলের আরামবাগে অবস্থিত হোটেল সিটি ভিউ টাওয়ারে উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় এসব সিদ্ধান্ত ও অভিমত ব্যক্ত করা হয়।
সভায় দেশের ঐতিহ্যবাহী এই খেলাটিকে তৃণমূল স্তরে জনপ্রিয় করতে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, সঠিক পৃষ্ঠপোষকতা ও নিয়মিত টুর্নামেন্টের আয়োজন করা গেলে উত্তরাঞ্চল থেকে আবারও জাতীয় মানের দক্ষ কাবাডি খেলোয়াড় উঠে আসবে।
উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের সভাপতি এস এম এ মান্নানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সহ-সভাপতি আব্দুল জলিল ও নেছার আহমেদ নান্নু।
এ ছাড়া সভায় ক্লাবের কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলীসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত নেতৃবৃন্দ ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম গতিশীল করতে এবং তৃণমূল পর্যায়ে কাবাডির প্রসারে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।