নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের নারান্দিয়া বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা থেকে সারবোঝাই একটি ট্রাক ময়মনসিংহের দিকে যাচ্ছিল, এ সময়ে ময়মনসিংহ থেকে একটি পিকআপ ভ্যান নেত্রকোনার দিকে আসছিল। নারান্দিয়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজন নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন। পরে দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করা হয়।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে।