মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

পটুয়া কামরুল হাসানের নামে রাজধানীতে হচ্ছে স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট

নুরুজ্জামান শেখ

চিত্রশিল্পী পটুয়া কামরুল হাসানের শিল্পীসত্তা, সৃজনশীলতা ও কর্মচেতনার আদর্শে নতুন প্রজন্মের দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে রাজধানীতে প্রতিষ্ঠিত হচ্ছে ‘পটুয়া কামরুল হাসান স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (পিকিউএইচএসডিআই)’।

রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরে শিগগিরই প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি সম্পূর্ণ অলাভজনক উদ্যোগ হিসেবে পরিচালিত হবে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশের শিল্প ও সংস্কৃতিতে পটুয়া কামরুল হাসানের অবদান অনন্য। জাতীয় পতাকার বর্তমান রূপদান ও রাষ্ট্রীয় মনোগ্রামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নকশার সঙ্গে তার নাম জড়িয়ে আছে। তার শিল্পভাবনা, দেশপ্রেম, সৃজনশীলতা ও কর্মচেতনার উত্তরাধিকার নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই প্রতিষ্ঠানটি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির উদ্যোগ ও পরিচালনায় থাকবেন পটুয়া কামরুল হাসানের একমাত্র কন্যা সুমনা হাসান। তিনি স্টুডিও ২০০০ ও স্টুডিও মেনজের স্বত্বাধিকারী এবং বিউটি সার্ভিস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএসওএবি) সাধারণ সম্পাদক।

 

প্রতিষ্ঠানটির সেন্টার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন সোহেল মিয়া, যিনি স্কিল ট্রেনিং সেক্টরে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন একজন পেশাজীবী। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থী ব্যবস্থাপনা এবং দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে তাঁর অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

উদ্যোক্তাদের তথ্য অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে দেশের বিউটি ইন্ডাস্ট্রির বিভিন্ন পেশায় আগ্রহী শিক্ষার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ারও পরিকল্পনা রয়েছে।

প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের চাকরির উপযোগী করে গড়ে তোলা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ভবিষ্যতে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে সহায়তা করাই প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য। বিশেষ করে দক্ষতা অর্জনের সুযোগ থেকে পিছিয়ে থাকা তরুণ-তরুণীদের এ কার্যক্রমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটিকে তথ্যপ্রযুক্তি, শিল্পকলা ও কারিগরি দক্ষতা উন্নয়নের সমন্বিত প্রতিষ্ঠানে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রযুক্তিগত জ্ঞান, শিল্প-সৃজনশীলতা ও কারিগরি প্রশিক্ষণের সমন্বয়ে তরুণদের ভবিষ্যৎ কর্মক্ষেত্রের উপযোগী করে তোলার পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নিজস্ব উদ্যোগ শুরু করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা