সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

পার্বত্য চুক্তি বাস্তবায়নে কালক্ষেপণ করলে ফলাফল সময়ই বলে দেবে

প্রতিবেদকের নাম

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নেতা ঊষাতন তালুকার বলেছেন, আমরা বিএনপিকেভোট দিয়েছি। আমাদের জন্য প্রতিদানে কি করবেন সেটা আপনাদের ব্যাপার। বিএনপি ক্ষমতা গ্রহণের তিন মাস অতিক্রম হয়েছে এখনও সুস্পষ্ট কিছু বলেনি। সময় অনেক গড়িয়ে গেছে। পার্বত্য চুক্তি বাস্তবায়নে কালক্ষেপণ করা যাবে না।

আজ বুধবার সকালে রাঙামাটি শহরের কুমাত সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র ও জনসমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘কালক্ষেপণ করলে ফলাফল কী হবে সেটি সময়ই বলে দেবে। বল আপনাদের কোর্টে, আপনারাই সিদ্ধান্ত নিন।’

পাহাড় অঘোষিত কারাগার

পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি রুমেন চাকমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামকে অঘোষিতভাবে কারাগারে পরিণত করা হয়েছে। এমন পরিবেশের অবসান না হলে পার্বত্য চুক্তির পূর্ববর্তী সময়ে ফিরে যেতে বাধ্য হবো।’

বিশিষ্ট শিক্ষাবিদ শিশির কান্তি চাকমা বলেন, ‘১৯৮৯ সালের ৪ মে লংগদু গণহত্যার প্রতিবাদে পাহাড়ি ছাত্র পরিষদের জন্ম। ৩৭ বছরে সংগঠনটি আত্মনিয়ন্ত্রণের অধিকার ও সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা অর্জন করেছে। সামনে কঠিন দিন আসছে। সংগ্রাম ছাড়া বিকল্প নেই। পার্বত্য চুক্তির মাধ্যমে স্থায়ী শান্তি সম্ভব। দীর্ঘ ২৮ বছরে পার্বত্য চুক্তি বাস্তবায়ন হয়নি। মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন করলে পার্বত্য অঞ্চলে অশান্তি হতো না। ভূমি কমিশন গঠন হলেও তা ফলপ্রসূ কোনো আলোচনা করতে পারেনি।’

চুক্তির ২৮ বছরেও বাস্তবায়ন হয়নি

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, ‘১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম চুক্তি হয়েছে। চুক্তি এখনো বাস্তবায়ন হয়নি। ভূমি কমিশন তৈরি করে ভূমি অধিকার ফিরিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থেকেও বিগত সরকার চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন করেনি।’ তিনি অভিযোগ করেন, পার্বত্য শান্তি চুক্তি লঙ্ঘন করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী নিয়োগ করা হয়েছে।

একতা ফিরিয়ে আনতে হবে

ঊষাতন তালুকদার আরও বলেন, ‘৬০-৭০ দশকের আগে যেমন একতা ছিল, ঠিক তেমন একতা ফিরিয়ে আনতে হবে। একতাকে যমও নাকি ভয় পায়।’ তিনি ১৯৮০ সালের ১৫ সেপ্টেম্বর সরকারের সেটেলমেন্ট ঘোষণার সময় ‘সেটেলার’ শব্দ ব্যবহারের প্রসঙ্গ টেনে বলেন, ‘এ শব্দটা আমাদের দেওয়া নয়, সরকার কর্তৃক দেওয়া হয়েছে। অনেকে এই শব্দ শুনলে মন খারাপ করেন।’

সমাবেশে সভাপতিত্ব করেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি রুমেন চাকমা। উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন ঊষাতন তালুকদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা