চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে আবারও এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এদিকে, পুশইনের চেষ্টায় বিএসএফকে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশিকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি।
আটকরা হলেন গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের বাবুল আক্তার, এমদাদুল হক, রয়েল, আজম, আলম, আসমাউল ও মেজবাউল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গতকাল সোমবার রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে নওগাঁ ১৬ বিজিবির রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ ২২৫/৩-আর সীমান্ত পিলার এলাকায় ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের আর কে ওয়াদা ক্যাম্পের সদস্যরা কয়েকজন মাঝির সহায়তায় নৌকাযোগে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। এ সময় বিজিবি টহলদলের দ্রুত হস্তক্ষেপে পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়।
তারা জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।
এর আগে গত ১৩ জুন একই সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টাও প্রতিহত করে বিজিবি। পরে বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, বিএসএফের পুশইনের চেষ্টায় সহায়তা করার অভিযোগে ৭ বাংলাদেশিকে বিজিবি পুলিশের কাছে সোপর্দ করেছে। সোমবার রাতেই তাদের থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।