ঠিকাদারের মাধ্যমে আউটসোর্সিং কর্মচারীদের নিয়োগ দেওয়ায় বছরে সরকারের অতিরিক্ত ৬৬০ কোটি টাকা গচ্চা যাচ্ছে বলে অভিযোগ করেছেন আউটসোর্সিং কল্যাণ পরিষদের নেতারা। আজ শনিবার রাজধানীর হাতিরপুলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন তারা।
আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মাহবুবুর রহমান আনিস বলেন, শ্রমিকের রক্তচোষা ঠিকাদাররা আউটসোর্সিং কর্মচারীদের বছরের পর বছর শোষণ করে যাচ্ছে। মধ্যসত্বভোগী ঠিকাদারদের বাদ দিয়ে অবিলম্বে সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ দিতে হবে।
তিনি বলেন, আউটসোর্সিং কর্মচারীদের অনেকের ৬ থেকে ৯০ মাস পর্যন্ত বেতন বকেয়া আছে। অবিলম্বে তাদের বকেয়া বুঝিয়ে দিতে হবে। নীতিমালা সংশোধন করে আউটসোর্সিং কর্মচারীদের সকল প্রকার বৈষম্য দূর করার জন্য তিনি সরকার প্রধানের কাছে আহ্বান জানান।
আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক নুরুল হক নুর দাবি তুলে ধরে বলেন, আউটসোর্সিং নীতিমালা ও দৈনিক মজুরিভিত্তিক নীতিমালার সংস্কার, তাদের জাতীয় পে-স্কেলের আওতায় আনা, বয়সসীমা শিথিল করা, বকেয়া বেতন পরিশোধ করা ইত্যাদি।
তিনি বলেন, ‘ঠিকাদার প্রতিষ্ঠান ৫ থেকে ৮ শতাংশ সার্ভিস চার্জ কেটে রাখছে, যার ফলে সরকারের বছরে ক্ষতি হচ্ছে ৩১৫ থেকে ৬৬০ কোটি টাকা। ঠিকাদার প্রথা অবিলম্বে বাতিল করতে হবে। না হলে দেশবাসীকে নিয়ে কঠোর অন্দোলন গড়ে তুলব।’