নারায়ণগঞ্জের বন্দরে আলোচিত ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক মোঃ টুটুল (২৮) নিহতের ঘটনায় জড়িত প্রধান আসামি নয়ন (২৭)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ (সিপিসি-১) এবং র্যাব-২-এর একটি আভিযানিক দল যৌথ অভিযান চালিয়ে ঢাকা মহানগরের মিরপুর থানাধীন দক্ষিণ পীরেরবাগ আমতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নয়ন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার আলীনগর এলাকার খোকা মিয়ার ছেলে।
র্যাব জানায়, গত ২৮ জুন সন্ধ্যা আনুমানিক ৭:২০ মিনিটে বন্দর থানাধীন আলীনগর এলাকার আকরাম সাহেবের লবণ ফ্যাক্টরির সামনে মোঃ টুটুলকে নয়ন ও তার সহযোগীরা অস্ত্রের মুখে জিম্মি করে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে এলোপাতাড়ি মারধরসহ বুকের মাঝখানে চাকু দিয়ে স্বজোরে আঘাত করে গুরুতর জখম করা হয়।
পরবর্তীতে তার কাছ থেকে নগদ ১২,৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে আসামিরা পালিয়ে যায়।
স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত টুটুলকে প্রথমে বন্দর উপজেলা হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে গত ২৪ আগস্ট রাত ৩:৪০ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত নয়নের বিরুদ্ধে বন্দর থানায় ছিনতাই ও ডাকাতিসহ পূর্বে আরও ৪টি মামলা রয়েছে।
আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।