কুমিল্লার নাঙ্গলকোটে বাঁশ কাটাকে কেন্দ্র করে বোন, ভাগনে ও ভগ্নিপতির হামলায় কৃষক ইব্রাহিম হোসেন (৫৫) নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার মৌকরা ইউনিয়নের পৌছইর মধ্যমপাড়া হাজী সৈয়দ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম হোসেন ওই গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত নাছিমা আক্তারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
নিহতের মেয়ে কলেজছাত্রী আফরোজ আক্তার জানান, তার ফুফু নাছিমা আক্তার, ফুফাতো ভাই অজিউল্লাহ ও ফুফা কোব্বাত আলী জোরপূর্বক তাদের বাঁশ কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ বিষয়ে তার বাবা প্রতিবাদ করলে তারা ইব্রাহিম হোসেনের তলপেট, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করেন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইব্রাহিম হোসেনকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নাছিমা আক্তারকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।