ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ ভোট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রের ভোটকক্ষে তিনি তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট দেওয়ার আগে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে জামায়াত আমির বলেন, “দেশে সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ের বিষয়ে আমরা আশাবাদী।”
সকাল থেকেই তাঁর কেন্দ্রটিতে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই ফজরের নামাজ আদায় করে সরাসরি ভোটকেন্দ্রে এসেছেন। উপস্থিত ভোটারদের ভাষ্য, দীর্ঘ ১৮ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে রয়েছে সংস্কারসংক্রান্ত গণভোট। তাঁরা শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, ঢাকা-১৫ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১২৭টি এবং প্রার্থী রয়েছেন আটজন।
প্রার্থীরা হলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, আমজনতার দল মনোনীত মো. নিলাভ পারভেজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত মো. শফিকুল ইসলাম খান মিল্টন, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) মনোনীত মোবারক হোসেন, জনতার দল মনোনীত খান শোয়েব আমান উল্লাহ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ মনোনীত মো. আশফাকুর রহমান, জাতীয় পার্টির মো. সামসুল হক এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত আহাম্মদ সাজেদুল হক।