সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

মুখে বলের আঘাত লেগে আইসিইউতে আম্পায়ার

প্রতিবেদকের নাম

ভারতের দিল্লি প্রিমিয়ার লিগে সোমবার নিউ দিল্লি টাইগার্সকে ৩৬ রানে হারিয়েছে ইস্ট দিল্লি রাইডার্স। তবে ম্যাচের ফলের চেয়েও আলোচনায় এসেছে আম্পায়ার ধর্মেশ ভারদ্বাজের চোট। মুখে বলের আঘাত পাওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৯২ রান করে ইস্ট দিল্লি রাইডার্স। দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বংশ মেহরা, অর্পিত রানা, মায়াঙ্ক রাওয়াত ও সূর্যাংশ রায়না।

১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করেছিল নিউ দিল্লি টাইগার্স। তবে দ্রুতই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ১০.২ ওভারে ৪ উইকেটে ৯৪ রানে পরিণত হয় দলটি। শুরুতেই চাপে পড়ে যাওয়া টাইগার্স আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ১৫৬ রানে অলআউট হয়ে ৩৬ রানে ম্যাচ হারে তারা।

তবে ম্যাচের ১৮তম ওভারে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। নিউ দিল্লি টাইগার্সের ব্যাটার লক্ষয় তারেজা, আশিস মীনার করা বল সোজা ব্যাটে জোরে খেলেন। বলটি গিয়ে আম্পায়ার ধর্মেশ ভারদ্বাজের মুখে আঘাত করে। ঘটনাটি দেখে ব্যাটারও হতভম্ব হয়ে যান।

একটি প্রতিবেদনে বলা হয়েছে, আঘাতের পর পরীক্ষা-নিরীক্ষার জন্য ভারদ্বাজকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

এর আগে দিল্লি প্রিমিয়ার লিগের আরেকটি ম্যাচেও কাঁধে বলের আঘাত পেয়েছিলেন ভারদ্বাজ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা