সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন এবং তার সিএ জিয়াউর রহমানের বিরুদ্ধে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যক্তিগত স্বার্থসংশ্লিষ্ট কিছু দাবি পূরণ না হওয়ায় কতিপয় ব্যক্তি সাংবাদিকদের বিভ্রান্ত করে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে।
জানা গেছে, শেখ মঈনুল ইসলাম মঈন ২০২৪ সালের ৭ অক্টোবর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), এডিএম, এডিসি (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ডিডিএলজি এবং সাতক্ষীরা পৌরসভার প্রশাসকের দায়িত্বও পালন করছেন।
তিনি নিয়মিতভাবে ভূমি অফিসগুলোতে আকস্মিক অভিযান পরিচালনা করেন। অনেক সময় ছদ্মবেশে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে ভূমি সেবায় জনগণের ভোগান্তি সরাসরি পর্যবেক্ষণ করেন বলে জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
এমন একজন কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার চালানোয় বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, এ ধরনের অপতথ্য ছড়ানো অব্যাহত থাকলে সৎ কর্মকর্তারা কাজের আগ্রহ হারাতে পারেন।
এ বিষয়ে সিএ জিয়াউর রহমান বলেন, “আমরা প্রকৃত সাংবাদিকদের সম্মান করি। এই পেশা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে কিছু নামসর্বস্ব অনলাইন মাধ্যমে ব্যক্তিগত চরিত্রহননের মতো অপপ্রচার চালানো হচ্ছে, যা উদ্বেগজনক।”
অভিযোগের বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, “আমি দীর্ঘদিন ধরে সাতক্ষীরা জেলা প্রশাসনে দায়িত্ব পালন করছি। কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করিনি। সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছি।”