বলিউড অভিনেতা হৃত্বিক রোশন ও অভিনেত্রী-গায়িকা সাবা আজাদের সম্পর্কের পাঁচ বছর পূর্ণ হয়েছে। বিশেষ এই দিনে সাবার সঙ্গে কাটানো কিছু অদেখা মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন হৃত্বিক। একই সঙ্গে ভালোবাসায় ভরা বার্তাও দিয়েছেন তিনি।
হৃত্বিকের সেই পোস্টে নজর কেড়েছে আরেকটি বিষয়—শুভেচ্ছা জানিয়েছেন তার সাবেক স্ত্রী সুজান খানও।
ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করেন হৃত্বিক। একটি ছবিতে সমুদ্রসৈকতে সূর্যাস্তের সময় সাবাকে জড়িয়ে থাকতে দেখা যায় তাকে। অন্য একটি ছবিতে ছুটির সময়ে নদীর ধারে পাশাপাশি দেখা যায় দুজনকে।
ছবিগুলোর সঙ্গে হৃত্বিক লেখেন, ‘এটা আমাদের জন্মদিন। আমার ভালোবাসা, পঞ্চম বছর পূর্তির শুভেচ্ছা।’
হৃত্বিকের পোস্টে মন্তব্য করে সুজান খান লেখেন, ‘খুবই মিষ্টি। শুভ বার্ষিকী।’ সঙ্গে দেন ভালোবাসার ইমোজি।
হৃত্বিক ও সুজান ২০০০ সালে বিয়ে করেন। প্রায় ১৪ বছর সংসারের পর ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। এই সাবেক দম্পতির দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরও সন্তানদের ঘিরে বিভিন্ন সময়ে একসঙ্গে দেখা গেছে তাদের।
অন্যদিকে, হৃত্বিক ও সাবার সম্পর্ক প্রকাশ্যে আসে ২০২২ সালে। এরপর বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে একসঙ্গে দেখা গেছে তাদের।
কাজের দিক থেকে হৃত্বিককে সর্বশেষ ‘ওয়ার ২’ সিনেমায় দেখা গেছে। অন্যদিকে, সাবা আজাদ সম্প্রতি ‘সংস অব প্যারাডাইস’ সিনেমায় অভিনয় করেছেন। অনুরাগ কাশ্যপের ‘বান্দর’ সিনেমাতেও তাকে দেখা যাবে।