বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তঃসীমান্ত নদী নিয়ে জোরালো কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রতিবেদকের নাম

বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়ে জোরালো কূটনৈতিক ও প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ শুক্রবার বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ময়নামতি চর এলাকায় করতোয়া নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকায় টি বাঁধ নির্মাণ প্রকল্পের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, দেশে মোট ৫৭টি আন্তঃসীমান্ত নদীর মধ্যে ৫৪টির উৎস ও প্রবাহ রয়েছে প্রতিবেশী ভারতের সঙ্গে এবং বাকি তিনটি নদী যুক্ত রয়েছে মিয়ানমারের সঙ্গে। এসব নদীর পানিবণ্টন, নাব্যতা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় সরকার ইতোমধ্যে আন্তঃমন্ত্রণালয় সভা করেছে এবং বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা ও কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, অতীতের অমীমাংসিত সমস্যাগুলো সমাধানে ধারাবাহিক সংলাপ অব্যাহত রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলের নদী ও কৃষি নির্ভর জনপদের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। গঠনমূলক আলোচনার মাধ্যমে শিগগিরই ইতিবাচক অগ্রগতি আসবে। দেশের নদীগুলোকে রক্ষা করে বাংলাদেশকে মরুকরণ থেকে সুরক্ষা দেওয়া এবং সুজলা-সুফলা, শস্য-শ্যামলা রূপে ধরে রাখাই সরকারের প্রধান লক্ষ্য।

ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারাদেশের মতো উত্তরের জেলা ও আমার নির্বাচনী এলাকায় নদী ও খাল পূর্ণ খননের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে আজকে আমরা পরিদর্শনে এসেছি। আমাদের এ কার্যক্রমের মধ্য দিয়ে অতি শিগগিরই বাংলাদেশের সব নদী ও খাল এবং জলাশয় আবারও প্রাণ ফিরে পাবে।’

এ সময় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ রায়সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা