ভারতের রাজধানী দিল্লিতে ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ককরোচ জনতা পার্টির (সিজেপি) দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র সংসদ ভবন এলাকা। আজ সোমবার নিষেধাজ্ঞা ও ব্যারিকেড উপেক্ষা করে হাজার হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থী এবং তরুণ রাজপথে নেমে এলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানেগ্যাস ছোড়ে পুলিশ। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকার ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় নরেন্দ্র মোদির সরকার।
এই খবরে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের লাদাখের শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। আজ বিকেলে এ ঘোষণার কথা জানিয়েছেন তার স্ত্রী গীতাঞ্জলি আংমো। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্বামীর হাতে লেখা একটি বার্তা শেয়ার করেছেন, যেখানে তিনি ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ব্যানারে আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ করেছেন। সিজেপি একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল, যারা নীট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করে আসছে।
ওয়াংচুক তার স্বাক্ষরসহ সেই নোটে বলেন, ‘আমি আমার অনশন চালিয়ে যাব (২৩তম দিন)। শান্তিপূর্ণভাবে প্রতিবাদকারী যুবকদের সঙ্গে যে নৃশংস আচরণ করা হচ্ছে তা দেখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে, যতক্ষণ না যুব নেতাদের পার্লামেন্টে সংসদ সদস্যদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে অথবা আমাকে এখানে হাসপাতালে তাদের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হচ্ছে, ততক্ষণ আমি অনশন চালিয়ে যাব।’
তিনি আরও লেখেন, ‘আশা করি, তার আগেই সরকার শিক্ষামন্ত্রীর জবাবদিহিতা নিশ্চিত করবে। উস্কানি সত্ত্বেও যুবকরা যেভাবে শান্তি বজায় রেখেছে, তাতে আমি অভিভূত ও আবেগাপ্লুত। আমি সরকার ও পুলিশের কাছে আবেদন করছি, তারা যেন আজ বা কাল সংসদে শিক্ষার্থীদের তাদের অভিযোগ পেশ করার সুযোগ দিয়ে বিষয়টি সমাধান করে।’
তিনি আরও যোগ করেন, তিনি আশা করেন বিক্ষোভকারীরা ‘আজকের মতোই আগামীকালও একই ধৈর্য ও সহনশীলতা দেখাবে।’
মধ্য দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভের মধ্যে আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এবং সিজেপি সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার বৈঠকের কয়েক ঘণ্টা পর ওয়াংচুকের এই বার্তাটি এসেছে। সিজেপি সদস্যরা সরকারের কাছে নীট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের জন্য জবাবদিহিতাসহ বেশ কিছু দাবির একটি তালিকা পেশ করেন।
সম্প্রতি ভারতের চিকিৎসাক্ষেত্রে ভর্তির পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস হওয়ায় সারাদেশ থেকে ২১ জন ছাত্রছাত্রীর আত্মহত্যার খবর মিলেছে। ফলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চেয়ে আন্দোলন শুরু করে ককরোচ জনতা পার্টি। তাদের সমর্থন দিয়ে অনশনে বসেন শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক। পরে গত শনিবার তাকে জোর করে হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালেও তিনি অনশন চালিয়ে যাচ্ছেন।