ঝিনাইদহের শৈলকুপায় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনা ও ছাত্রলীগের ঝটিকা মিছিলের নির্দেশদাতাএবং নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের কার্যক্রম চালানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে শৈলকুপা থানাপুলিশ ঝিনাইদহ শহরের নায়েব আলী জোয়ার্দ্দারের বাসায় তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এছাড়াও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পৃথকভাবে চারজনকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার ঝিনাইদহ কোর্টে জামিন শুনানির পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও নায়েব আলী জোয়ার্দার এলাকায় সক্রিয় হওয়ার তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং এলাকায় অশান্তি সৃষ্টির পরিকল্পনার তথ্য পায় পুলিশ। এজন্য শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে শৈলকুপা থানা পুলিশ ঝিনাইদহ শহরের নায়েব আলী জোয়ার্দ্দারের বাসায় তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ ছাড়াও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শৈলকুপার দুধসর গ্রামের প্রয়াত গোলাম কিবরিয়ার ছেলে বাদশা আলমগীর (৬৫), বালাপাড়া গ্রামের প্রয়াত নুর আলী মন্ডলের ছেলে আজিজুল ইসলাম (৫৭), গোসাইডাঙ্গা গ্রামের মন্টু শেখের ছেলে আল নাহিয়ান সজিব (১৯) ও মাধবপুর গ্রামের প্রয়াত কোবাদ আলীর ছেলে হাসিবুল ইসলামকে (২২) গ্রেপ্তার করে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমের নির্দেশদাতা হিসেবে সাবেক এমপিসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারের পর আজ শনিবার ঝিনাইদহ কোর্টে জামিন শুনানির পর তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।