বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও কঙ্গো। বুধবার রাত ১০টায় যুক্তরাষ্ট্রের মার্সেডিজ বেঞ্চ স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।কোয়ার্টার ফাইনালে ওঠার এই বাঁচা-মরার লড়াইয়ে নামার আগে ঐতিহাসিক ও সাম্প্রতিক পারফরম্যান্সের সব পরিসংখ্যানে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে থ্রি লায়ন্সরা। তবে ইংল্যান্ডের বিপক্ষে জিতে ইতিহাস গড়তে চায় কঙ্গো।
ফুটবল বিশ্লেষক ও সুপারকম্পিউটারের গাণিতিক হিসাব অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ইংল্যান্ডের সরাসরি জয়ের সম্ভাবনা ৭৫.৩ শতাংশ যেখানে ডিআর কঙ্গোর জয় মাত্র ৭.৬ শতাংশ এবং ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ১৭.১ শতাংশ।
কঙ্গোর বড় শক্তি তাদের দ্রুত কাউন্টার অ্যাটাক এবং শারীরিক ফুটবল। ইংল্যান্ড যদি মাঝমাঠে বল হারায়, তাহলে উইসার গতি থ্রি লায়ন্সের রক্ষণে বড় চাপ তৈরি করতে পারে। কোচ দেসাব্রে প্রয়োজন হলে আবার ৫-৩-২ ফরমেশনে ফিরতে পারেন, যাতে রক্ষণ আরও শক্তিশালী হয়।দুই দলের এটি হবে ইতিহাসের প্রথম মুখোমুখি লড়াই। অভিজ্ঞতা, স্কোয়াড গভীরতা এবং তারকাখচিত আক্রমণভাগে ইংল্যান্ড অনেকটাই এগিয়ে। কিন্তু ডিআর কঙ্গোর নির্ভীক মানসিকতা ও আক্রমণভাগের গতি এই ম্যাচকে একপেশে হতে দেবে না।