ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং মালয়েশিয়ার আই এন টি আই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। শুক্রবার (১৫ মে) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের অডিটোরিয়ামে স্বাক্ষর গ্রহণ অনুষ্ঠিত হয়।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং বিভিন্ন একাডেমিক কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— আই এন টি আই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড কোলাবোরেশন সেন্টারের পরিচালক ড. খান সারফরাজ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর ও কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমাম স্বাগত বক্তব্য প্রদান করেন এবং উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। ড. খান সারফরাজ আলী ডব্লিউ ইউ বি ’র ভবিষ্যৎ একাডেমিক ও গবেষণা সহযোগিতার সম্ভাবনার কথা উল্লেখ করেন। সৌহার্দ্য ও সম্মাননার নিদর্শন হিসেবে বিশেষ অতিথিকে একটি সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে উভয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয় এবং পরে অতিথিবৃন্দ, শিক্ষক ও অংশগ্রহণকারীদের নিয়ে একটি ফটোসেশনের আয়োজন করা হয়।