আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জেতা স্পেন এবার ক্রিকেটেও বিশ্ব রেকর্ড গড়ল। ২০২৮ সালে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে ফিনল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে স্পেন। আর এই জয়ের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে টানা ২১ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়েছে তারা। টানা ২০ ম্যাচ জিতে রেকর্ডটি এতদিন অস্ট্রেলিয়ার দখলে ছিল।
ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ‘সি’-তে আয়োজক ফিনল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রান করে ফিনল্যান্ড। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে ১৩২ রান তুলে ম্যাচ জিতে নেয় স্পেন। তবে জয় ছাপিয়ে আলোচনায় এসেছে স্পেনের অপরাজিত থাকার রেকর্ড। তিন বছর আগে আইল অব ম্যানকে হারিয়ে যে জয়যাত্রা শুরু হয়েছিল, ফিনল্যান্ডের বিপক্ষে সেটিই গড়াল টানা ২১ ম্যাচে। এই সময়ে জার্সি, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র ও গ্রিসের মতো দলকেও হারিয়েছে স্পেন।
শুধু আন্তর্জাতিক ক্রিকেটে টানা অপরাজিত থাকার রেকর্ডই নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জয়ের রেকর্ডও এখন স্পেনের। ২০২৪ সালে গ্রিসকে হারিয়ে টানা ১৪টি টি-টোয়েন্টি জয়ের রেকর্ড গড়েছিল তারা। এরপর সেই সংখ্যা বেড়ে এখন দাঁড়িয়েছে ২১-এ।
২০১৯ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদা পাওয়া স্পেন এখন আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে অন্যতম সফল দল। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ৫০টি টি-টোয়েন্টি খেলেছে তারা, জয় পেয়েছে ৪১টিতে, হার মাত্র ৮টি।