বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

খুলনায় হিমায়িত মৎস্য রপ্তানিতে সংকট: কাটিয়ে উঠতে বাজার বহুমুখীকরণের আহ্বান

প্রতিবেদকের নাম

উৎপাদন ও বৈশ্বিক বাজারে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও মান নিয়ন্ত্রণ, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং সমন্বয়ের ঘাটতির কারণে চাপে রয়েছে বাংলাদেশের হিমায়িত মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি খাত। আন্তর্জাতিক বাজারে আন্তর্জাতিক মান বজায় রেখে প্রতিযোগিতায় টিকে থাকতে বিদ্যমান সংকটগুলো দ্রুত সমাধানের তাগিদ দিয়েছেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে খুলনায় বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাকক্ষে আয়োজিত ‘হিমায়িত মৎস্য ও মৎস্যজাত পণ্যের রপ্তানি সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) জাতীয় রপ্তানি প্রশিক্ষণ কর্মসূচির (এনইটিপি) আওতায় খুলনা ইপিবি কার্যালয় এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আরিফ হাসান বলেন, “খুলনা অঞ্চলের গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থানের সঙ্গে মৎস্য খাত নিবিড়ভাবে জড়িত। এই খাতকে টিকিয়ে রাখতে ও বৈদেশিক মুদ্রা অর্জন বাড়াতে সরকারি সংস্থা, উৎপাদক ও রপ্তানিকারকদের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থাপিত মূল প্রবন্ধে জানানো হয়, দেশের মোট জিডিপিতে মৎস্য খাতের অবদান ২.৫৩ শতাংশ এবং ১ কোটি ৯০ লাখের বেশি মানুষ এ খাতের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। দেশে বছরে ৫০.১৮ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হলেও ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও মধ্যপ্রাচ্যের বাজারে রপ্তানি বাড়াতে বৈচিত্র্যময় পণ্য উৎপাদন ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের ওপর জোর দেন বক্তারা।

খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের বিশেষ উপস্থিতিতে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খুলনা ইপিবির পরিচালক (উপসচিব) জিনাত আরা আহমেদ। ইপিবির পরিচালক (নীতি ও পরিকল্পনা) আবু মোখলেছ আলমগীর হোসেনের মূল প্রবন্ধ উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. তরিকুল ইসলাম জহীর ও সহসভাপতি এস কে কামরুল আলমসহ খুলনা অঞ্চলের ব্যবসায়ীরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা