বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
নোটিশ
ইয়ুথ বাংলা টেলিভিশন ইউকে , ইউএসএ, অস্ট্রেলিয়া ,ফ্রান্স, কানাডা , সিংগাপুর , মালেশিয়াতে স্যাটেলাইটে সম্প্রচারিত টেলিভিশন চ্যানেল যা ২০১৬ সালে বাংলাদেশে অনলাইনে অনুষ্ঠান ও সংবাদ সম্প্রচারের জন্য এনওসি প্রাপ্ত হয়। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬

প্রতিবেদকের নাম

গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার একজন ক্যামেরাম্যান ও এক শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে স্বাস্থ্য কর্মকর্তারা ও উদ্ধারকর্মীরা জানিয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও নতুন এই হামলায় উত্তেজনা আরও বেড়েছে।

আল জাজিরা জানিয়েছে, তাদের ক্যামেরাম্যান আহমেদ উইশাহ শনিবার মধ্য গাজার একটি বাড়িতে ইসরায়েলি হামলায় নিহত হন। সংবাদমাধ্যমটি এ ঘটনাকে ‘সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানানোর জঘন্য অপরাধ’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে।

এক বিবৃতিতে আল জাজিরা বলেছে, ‘আহমেদ উইশাহকে হত্যা আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং সত্যের কণ্ঠ রোধে সাংবাদিকদের বিরুদ্ধে চলমান পরিকল্পিত নীতিরই অংশ।’

অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, উইশাহ হামাসের সামরিক শাখার একজন ‘স্নাইপার অপারেটিভ’ ছিলেন। তাদের অভিযোগ, তিনি সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে স্নাইপার হামলার পরিকল্পনায় জড়িত ছিলেন। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি আইডিএফ।

মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে একটি বাড়িতে চালানো ওই হামলায় আহমেদ উইশাহ ছাড়াও আরও দুইজন নিহত হন। স্থানীয় হাসপাতাল ও হামাস পরিচালিত সিভিল ডিফেন্স সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। আইডিএফ দাবি করেছে, নিহত অপর দুই ব্যক্তিও হামাসের সঙ্গে যুক্ত ছিলেন।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে ইসরায়েলি হামলায় আহমেদ উইশাহর ভাই এবং আল জাজিরার আরেক সাংবাদিক মোহাম্মদ উইশাহ নিহত হন। তখনও আইডিএফ তাকে হামাসের অস্ত্র ও রকেট উৎপাদন ইউনিটের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ করেছিল।

এদিকে গাজা সিটির সাবরা এলাকায় রাতভর একটি বাড়িতে ইসরায়েলি হামলায় একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। সিভিল ডিফেন্স, নিহতদের স্বজন এবং স্থানীয় হাসপাতাল এ তথ্য জানিয়েছে। গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলের আরও কয়েকটি এলাকাতেও হামলার খবর পাওয়া গেছে।

গত বছরের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েল ও হামাস একে অপরকে দোষারোপ করে আসছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সামরিক অভিযানে অন্তত ১ হাজার ৭ জন নিহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা