প্লেয়ার্ডের আয়োজনে এবং অ্যারোব্যাটের সহযোগিতায় অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘গোল ব্যাটলস-ফুটবল গেমিং চ্যাম্পিয়নশিপ’ সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সেন্টারপয়েন্ট, উত্তরায় সমাপ্ত হওয়া এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ২০০-এরও বেশি ফুটবল গেমিং’ প্রেমী অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারী ৬৪টি দলে প্রতিটিতে ছিলেন তিনজন করে খেলোয়াড়। টানটান উত্তেজনাপূর্ণ গ্র্যান্ড ফাইনালে জায়েদ উল হক এবং ফাইয়াজুল ইসলাম রিমন মুখোমুখি হন। চূড়ান্ত লড়াইয়ে জায়েদ উল হক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত এই টুর্নামেন্টে নকআউট পদ্ধতি অনুসরণ করা হয়। গ্রুপ পর্বে ২০০-এরও বেশি খেলোয়াড় অংশ নেওয়ার পর প্রতিযোগিতা পর্যায়ক্রমে রাউন্ড অব ৬৪, রাউন্ড অব ৩২, রাউন্ড অব ১৬, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং সর্বশেষ গ্র্যান্ড ফাইনাল পর্যন্ত গড়ায়। প্রতিটি পর্বেই অংশগ্রহণকারীরা দক্ষতা, কৌশল ও ক্রীড়াসুলভ মানসিকতার অনন্য দৃষ্টান্ত উপস্থাপন করেন।
তিন দিনব্যাপী এই আয়োজন চলাকালে সেন্টারপয়েন্ট পরিণত হয় গেমার, দর্শক এবং ই-স্পোর্টস অনুরাগীদের এক প্রাণবন্ত মিলনমেলায়। প্রতিযোগিতার পাশাপাশি, ‘গোল ব্যাটলস–ফুটবল গেমিং চ্যাম্পিয়নশিপ’ বাংলাদেশের দ্রুত বিকাশমান গেমিং কমিউনিটির জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যেখানে খেলোয়াড়, ব্র্যান্ড এবং দর্শকরা একসঙ্গে প্রতিযোগিতামূলক ফুটবল গেমিংয়ের রোমাঞ্চ উপভোগ করেছেন।