চট্টগ্রামের আনোয়ারায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ব্যানারে মিছিলে অংশ নেওয়ার প্রস্তুতিকালে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের ৩০ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মিছিলের ব্যানারসহ দুইটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে আনোয়ারা-বাঁশখালী প্রধান সড়কে উপজেলার ৫ নম্বর বরুমচড়া ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন, মো. নজরুল ইসলাম (৩৪), মো. ইসমাইল (২০), নোমান মাহমুদ (১৫), মো. মিশকাত (২১), মাহিম উদ্দিন তুরাজ (১৫), মো. হাছান (১৫), মো. রিয়াজ (১৭), মো. ইমন (১৭), মো. আরিফ (১৮), মো. মিশকাত (১৫), মো. রাকিব (১৫), মো. মুজাহিদ (১৭), মো. জিহাদ (১৪), মো. রিফাত (১৮), মো. ছামির (১৫), মো. সাহেদ হোছাইন, মো. মিজবাহ (১২), মো. সজিব (১৬), মো. হাছান (১৫), মো. আজাদ হোসেন (১৯), আব্দুল্লাহ আল মামুন (১৫), মো. রিয়াদ (১৬), মিরাজ (১৫), রিফাতুল ইসলাম (১৫), মো. নেছার (১৪), মো. হৃদয় (২১), মো. খোকন (২৮), আব্দুর রহমান (১৪), মো. নাইম উদ্দিন (১৮) ও মো. আরাফাত (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের ব্যানারে কয়েকজন মিছিল বের করার চেষ্টা করলে ঘটনাস্থলে অভিযান চালায় চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ। এ সময় ৩০ জনকে আটক করা হয়। পরে তাদের আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়। অভিযানে মিছিলের ব্যানারসহ চট্টগ্রাম মেট্রো-চ ১১-৬৬৪৪ ও চট্টগ্রাম মেট্রো-চ ১১-৯৬০০ নম্বরের দুইটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘ডিবি পুলিশ তাদের আটক করে আনোয়ারা থানায় হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।’