প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরটি সঠিক নয় বলে জানিয়েছে তার প্রেস উইং। আজ বুধবার প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ তথ্য জানিয়েছেন।
নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাজমুল হক লেখেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সম্ভাব্য রাষ্ট্রীয় সফরের দিন-তারিখ ও সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। তিনি কোন দেশে প্রথম সফর করবেন, সেটিও এখনো নির্ধারিত হয়নি।’
তিনি লেখেন, ‘এ বিষয়ে কয়েকটি মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হচ্ছে। সরকারি সূত্র থেকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হলে তা যথাসময়ে অবহিত করা হবে।’