জুলাই আন্দোলনে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় মো. জাহাঙ্গীর (৫৪) হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এই আদেশ দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই শামীম হোসেন গ্রেপ্তার দেখানোর এই আবেদন করেন। এদিন শুনানিকালে নুরুল ইসলাম সুজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী গ্রেপ্তার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন। পরে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
মামলার বিবরণ থেকে জানা যায় , জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ২০ জুলাই বিকেল ৩ টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় আন্দোলনকারীদের উপর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী, পুলিশ, র্যাব ও বিজিবি গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ হন জাহাঙ্গীর। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টায় মারা যান জাহাঙ্গীর। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।
আওয়ামী সরকারের পতনের পর ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে সুজনকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।